× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টতায় সেমিনার বাতিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২১:৪৯ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ২১:৫০ পিএম

এফসিসি লোগো। ফাইল ছবি

এফসিসি লোগো। ফাইল ছবি

আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে দিল্লি পুলিশের অনুমতি না পাওয়ায় গত শনিবার দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) আয়োজিত ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানটির অনুমতি বাতিল করা হয়েছে। 

এফসিসির প্রকাশিত আমন্ত্রণপত্র অনুযায়ী, বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন-এর সহযোগিতায় অনুষ্ঠানটি ‘সেমিনার কাম প্রেস কনফারেন্স’ হিসেবে আয়োজনের কথা ছিল। এতে আওয়ামী লীগের একজন সদস্য এবং একজন রোহিঙ্গা অধিকারকর্মীসহ বিভিন্ন দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অংশ নেওয়ার কথা ছিল।

এফসিসির এক সদস্য দ্য প্রিন্টকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আমাদের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এফসিসির ব্যবস্থাপনা দলের একজন সদস্য অনুষ্ঠানটির অনুমতি এবং নিরাপত্তাব্যবস্থা চেয়ে তিলক মার্গ থানায় যান।’ ওই সদস্যের ভাষ্য অনুযায়ী, পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়, দিল্লি পুলিশ অনুষ্ঠানটির অনুমতি দিতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছে। এরপর এফসিসি তাদের সদস্যদের ‍উদ্দেশে নোটিশ দেয় যে, দিল্লি পুলিশের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে এফসিসির ব্যবস্থাপক লেখেন, ‘আজ সন্ধ্যায় (২৯ আগস্ট, ২০২৬) নির্ধারিত ইউরোপ ও এশিয়া বিষয়ক অনুষ্ঠানটি আয়োজন থেকে এফসিসিকে বিরত রেখেছে দিল্লি পুলিশ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, এই আকস্মিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’ 

এফসিসির সভাপতি ওয়ায়েল আওয়াদ দ্য প্রিন্টকে বলেন, অনুষ্ঠানটির বিষয় ছিল অংশীদারত্ব ও উন্নয়ন। তার ভাষায়, ‘এটি ছিল একটি বুদ্ধিবৃত্তিক আলোচনা। দিল্লি পুলিশ কেন অনুমতি দেয়নি, তা আমি নিশ্চিত নই।’

তবে নয়াদিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) শচীন শর্মা পুলিশের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘প্যানেল আলোচনা আয়োজনের জন্য এফসিসির পুলিশের অনুমতির প্রয়োজন নেই। তাদের কোনো অনুষ্ঠানেই আমরা হস্তক্ষেপ করিনি।’

এদিকে দিল্লি পুলিশ তাদের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেও, ‘দ্য প্রিন্ট’-এর হাতে আসা একটি নথিতে পুলিশ জানিয়েছে যে এই অনুষ্ঠানের জন্য কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। তিলক মার্গ থানার সিলমোহরযুক্ত ওই নথিতে লেখা ছিল, ‘প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু বিতর্কের কারণে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না- এমন মন্তব্যসহ আবেদনটি ফেরত পাঠান।’  

ওই নথিতে এফসিসির সহকারী ব্যবস্থাপক অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েনের অনুরোধ করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘এফসিসি ২৯ আগস্ট, ২০২৬ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগিতায় একটি সেমিনার কাম প্রেস কনফারেন্স আয়োজন করছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রেস কনফারেন্সের জন্য পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের অনুরোধ করছি। অনুষ্ঠানের বিস্তারিত তথ্য সংযুক্ত করা হলো।’ 

তবে এফসিসি-সংশ্লিষ্ট একটি সূত্র দ্য প্রিন্টকে বলেছেন, গত ৫ অগাস্ট এই ক্লাবেই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। তারপর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। ওই সূত্রের ভাষ্য, আওয়ামী লীগের একজন পরিচিত নেতাকে বক্তা হিসেবে রাখা এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করা আরেকজন বুদ্ধিজীবী থাকায় অনুষ্ঠানটির অনুমতি প্রত্যাখ্যান করা হয়ে থাকতে পারে।’

এফসিসি’র এই আয়োজনে অংশ নিতে যাওয়া ১০ সদস্যের প্যানেলে ছিলেন চেক রাজনীতিক ওন্দ্রেজ দস্তাল, জার্মান কূটনীতিক পিটার ফারেনহোল্টজ, বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী নুরান নবী, বাংলাদেশি আইনবিদ সালিম মাহমুদ, নেপালের শিশু অধিকারকর্মী সুন্দর ঘিমিরে, রোহিঙ্গা অধিকারকর্মী রাবি আলম, এফসিসি-আইএপিসির চেয়ারম্যান ভেঙ্কট নারায়ণ, সাবেক কূটনীতিক বীণা সিক্রি, ইউনাইটেড ডিপ্লোম্যাটিক কাউন্সিলের সভাপতি আসিফ ইকবাল এবং হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের মহাসচিব গোলাম জিলানি।  


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা