লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৭:২৯ পিএম
লক্ষ্মীপুর পৌর শহরে শুক্রবার দুপুরে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে এবং তারা এটা বিশ্বাস ও স্বীকার করতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
লক্ষ্মীপুর পৌর শহরে শুক্রবার দুপুরে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সারজিস বলেন, ‘ইতোমধ্যে তারা সংসদটাকে যেভাবে সরকারদলীয় সংসদ বানানোর চেষ্টা করছে, এ অপচেষ্টা কখনও দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না। বরং বিরোধী দলকে রিসিভ করতে শিখুন, তাদেরকে কথা বলতে দিন, আপনারা এ বিষয়গুলো সংশোধন করে কাজ করেন। আপনারা যদি দেশের মানুষের জন্য কাজ করেন, আমরা সহযোগীতা করব। আর যদি আপনারা দেশ মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যান, তাহলে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে জনগণকে নিয়ে আমাদের যে রাজনৈতিক লড়াই, সেই লড়াই হবে, ইনশাআল্লাহ।’
পাশাপাশি ১১ দলীয় জোটের আসন্ন লংমার্চ কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘বিএনপি সরকারের ছয় মাস গিয়েছে। তারা তিনটি সেক্টরে অগ্রাধিকার সেট করেছিল, বিশেষভাবে লক্ষ্য রাখবে বলেছিল জ্বালানি ও আইন-শৃঙ্খলা, এ ধরণের সেক্টরগুলোতে। কিন্তু তারা সেখানে ফেল করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত যারা নিজেদেরকে বলে, তারাও জানে তারা ঋণগ্রস্ত, তারা ঠিক মতো চলতে পারে না। মানুষ ঠিক মতো গ্যাস পায় না, বিদ্যুৎ থাকে না, কলকারখানা থেকে কর্মী ছাটাই করা হচ্ছে। বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে, তারাতো এটা বিশ্বাস করতে চায় না, স্বীকার করতেও চায় না।’
তিনি আরও বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে জনগণের দাবিগুলো তুলে ধরার জন্য আমরা বিভাগীয় শহরগুলোতে লংমার্চ নিয়ে যাচ্ছি। আমরা বিরোধী দল হয়ে শুভাকাঙ্খী হিসেবেও আমরা তাদের চোখে চোখ রেখে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। তারা প্রত্যেকটি জায়গায় ব্যর্থ হচ্ছে এবং মাঠ পর্যায়ে মানুষের কাছে ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে পড়ছে।’
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি থেকে দেশের প্রত্যেকটি ইউনিয়নে প্রার্থী ঘোষণা দেওয়ার আশ্বাস দিয়ে সারজিস বলেন, ‘স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধির জন্য কমিটি হওয়া খুবই জরুরি। এ জন্য আমরা দেশের প্রত্যেকটি জেলায় সফর করছি। দেশের প্রত্যেকটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি থাকবে। এবার স্থানীয় নির্বাচনে দেশের প্রত্যেকটি ইউনিয়নে এনসিপি থেকে প্রার্থী ঘোষণা করতে চাই। এনসিপি থেকে একজন করে আমরা প্রাথমিকভাবে সমর্থন দেব। এই প্রসেসটার মধ্য দিয়ে বড় দল হিসেবে এনসিপির গড়ে উঠা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার যে ধাপ, সেই ধাপটা সম্পূর্ণ হবে।’