ফেনীর একটি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপি নেতা সারজিস আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপি ছয় মাসেই দুঃখজনকভাবে অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তার দাবি, জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি এবং ধীরে ধীরে দলটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ।
ফেনীর একটি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সারজিস বলেন, জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও দীর্ঘ লোডশেডিংয়ে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ ও স্বজনপ্রীতি করা হচ্ছে। ইউনিয়ন পরিষদেও প্রশাসক বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী সব স্থানীয় নির্বাচনে এনসিপি একক প্রার্থী দেবে।
সারজিস আরও দাবি করেন, বিএনপি সংসদে বিভিন্নভাবে গণভোটের রায় ও সংস্কারের পক্ষে জনগণের ম্যান্ডেট মানতে চায় না।
এ সময় এনসিপির নেতারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। তাদের সফলতা একটাই- তারা সফলভাবে ব্যর্থ হয়েছে।
মতবিনিময়ে এনসিপির কেন্দ্রীয় ও ফেনী জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ফেনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সাংগঠনিক অনুষ্ঠানে বক্তব্য দেন সারজিস আলম।