প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ২২:৩১ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ২২:৩৮ পিএম
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বুধবার বিকালে শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী
সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্বে বিরোধী দলকে রাখার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য জোট।
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বুধবার বিকালে জোটের শীর্ষ নেতাদের নিয়ে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলীয় নেতারা বলেন, “জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে। আমরা মনে করি, সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে এ ব্যবস্থা জরুরি”।
এ ছাড়া দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্পকারখানা বন্ধ, অর্থনৈতিক চাপ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্য।
বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। গ্যাস ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব উৎপাদন ও রপ্তানিতেও পড়তে পারে।
মানবাধিকার কমিশন, বিচারব্যবস্থা ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ১১ দলের নেতারা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দেন তারা।
চলমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে নেতারা জানান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হবে। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে কর্মসূচি পালন শেষে ঢাকায় মহাসমাবেশ করা হবে। দাবি বাস্তবায়ন না হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
নেতারা আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর পূর্বের অঙ্গীকারগুলো বাস্তবায়ন না হওয়ায় দেশে বারবার একই ধরনের সংকট তৈরি হচ্ছে। শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংস্কৃতিতেও কার্যকর পরিবর্তন প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ জোটের শীর্ষ নেতারা।