ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ছবি: ভিডিও থেকে
বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি এবং জনগণের অঙ্গীকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দীর্ঘ ফ্যাসিবাদের পর মানুষ ভয়ংকর রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। দেশের বর্তমান পরিস্থিতি পুরোপুরি খারাপ না হলেও তা থেকে উত্তরণ প্রয়োজন উল্লেখ করে তিনি সব ধরনের অপরাধী ও সন্ত্রাসীকে আইনের আওতায় আনার দাবি জানান।
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সরকারকে ধন্যবাদ জানান রিজভী। তিনি বলেন, মানুষ শান্তিতে থাকতে চায় এবং এজন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। এ সময় সরকারের সদস্যদের জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নেতা।