× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৭:৩০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার দুপুরে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন। ছবি: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার দুপুরে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন। ছবি: জামায়াত

জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস ও বিদ্যুৎ এবং সারের সংকট সমাধানসহ ছয় দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন।

পরওয়ার জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। চট্টগ্রামের লালদিঘী ময়দানে গিয়ে এই লংমার্চ শেষ করবে ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে এই কর্মসূচি পালন করা হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, ছয়টা দাবি আমাদের প্রধান দাবি হিসেবে লংমার্চের কর্মসূচিতে উল্লেখ করেছি। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আমরা শাপলা চত্বর থেকে।’

একই সঙ্গে লংমার্চের সময়ে সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পরওয়ার। তিনি বলেন, ‘লংমার্চে হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতা-কর্মী এবং সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেবেন বলে আমরা আশা করছি।’

তিনি আরও বলেন, ‘লংমার্চকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে আমরা ১১ দলীয় ঐক্য ২৪ আগস্ট সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি। এ সময় সংশ্লিষ্ট রুট, পথসভা ও কর্মসূচির বিভিন্ন স্পট সম্পর্কে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

পরওয়ার বলেন, ‘মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর চলাচলের পরিকল্পনা রয়েছে, যাতে অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল অব্যাহত রাখা যায়। তবে এত বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি সৃষ্টি হতে পারে। তাই আমরা দেশবাসীর নিকট অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এটি একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই লংমার্চ কর্মসূচি সফল করে তুলবে ইনশাআল্লাহ। তা ছাড়া আমরা এই কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা