প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১২:৫৫ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৩:৩৬ পিএম
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : প্রবা
জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য ৬০টি সংরক্ষিত আসনসহ তিনটি দাবি পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। দাবি পূরণ না হলে আগামী জাতীয় নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দিয়েছে এই জোট।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার (৬ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এ দাবি জানান।
এ সময় হিন্দুসহ অন্য সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও নির্যাতন রোধ, জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনব্যবস্থা, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং একটি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিগত বছরে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও নির্যাতনের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে বলা হয়, বিভিন্ন নির্যাতনের ঘটনায় গেল এক বছরে ১৫৪ জন সংখ্যালঘুকে হত্যা এবং তাদের ২২০ কোটি ৮৯ লাখ টাকা মূল্যমানের ক্ষতি হয়েছে।