× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনীতির পুরোনো কাঠামোয় নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৫:১০ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৫:১১ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রবিবার জেএসডির মতবিনিময় সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রবিবার জেএসডির মতবিনিময় সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি: সংগৃহীত

পুরোনো রাজনীতির কাঠামোর মধ্যে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

তিনি বলেছেন, “গণঅভ্যুত্থানের নতুন বাস্তবতাকে আবার পুরোনো ক্ষমতার রাজনীতিতে ফিরিয়ে না নিয়ে সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে।”

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রবিবার সন্ধ্যায় জেএসডির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেএসডির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জেএসডির আহ্বায়ক মো. এনামুল হায়দার।

যুগ্ম আহ্বায়ক সামছু উদ্দিন আহমেদ শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. সরোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখিকা আমেনা আজিজ, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র সাংবাদিক রিমন ইসলাম, জেএসডির উপদেষ্টা নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র জেএসডির যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন খান, এম জাকির হোসেন স্বপন, গাজী আজম বাদল, মো. রফিক উল্লাহ, ফরিদ উদ্দিন রতন প্রমুখ।

বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে মন্তব্য করে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, “গণঅভ্যুত্থান শুধু একটি সরকারের পরিবর্তন ঘটায়নি; পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত, ক্ষমতার কেন্দ্রীভবন ও রাষ্ট্র পরিচালনার প্রচলিত কাঠামো নিয়ে মৌলিক প্রশ্ন উত্থাপন করেছে।”

জেএসডির সাধারণ সম্পাদক বলেন, “সংস্কার কোনো সাময়িক রাজনৈতিক কর্মসূচি নয়; এটি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সংবিধান, রাষ্ট্রের প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া। আর এই সংস্কারের চূড়ান্ত লক্ষ্য হতে হবে অংশীদারিত্বের গণতন্ত্র।”

তিনি বলেন, “গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়; রাষ্ট্র পরিচালনায় সকল নাগরিকের অংশীদারিত্ব নিশ্চিত করাই গণতন্ত্রের মূল কথা। শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, কৃষক, নারী, তরুণ, প্রবাসী এবং ভিন্নমতাবলম্বী নাগরিক- সবার রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ থাকতে হবে।”

জেএসডির এই নেতা বলেন, “কোনো একক দল, ব্যক্তি বা গোষ্ঠী যাতে রাষ্ট্রের ওপর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে, সে জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন এবং নির্বাহী ক্ষমতার কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

শহীদ উদ্দিন মাহমুদ বলেন, “নির্বাচন গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান হলেও নির্বাচনই গণতন্ত্রের শেষ কথা নয়। গণতন্ত্রকে নির্বাচন থেকে অংশগ্রহণে, সংখ্যাগরিষ্ঠতা থেকে অংশীদারিত্বে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ থেকে বিকেন্দ্রীকরণে নিয়ে যেতে হবে।”

জেএসডির সাধারণ সম্পাদক বলেন, “গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে পুরোনো রাজনৈতিক সংস্কৃতি নতুন পোশাকে ফিরে আসতে পারে। তাই এখন লক্ষ্য হতে হবে ক্ষমতা দখলের রাজনীতি থেকে রাষ্ট্র রূপান্তরের রাজনীতিতে উত্তরণ। শুধু সরকার পরিবর্তন নয়, শাসনব্যবস্থার পরিবর্তন; শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন।”

তিনি বলেন, “আমরা এমন একটি প্রজাতন্ত্র চাই, যেখানে রাষ্ট্র কোনো দলের নয়- জনগণের; সরকার কোনো দলের স্থায়ী সম্পত্তি নয়- জনগণের অর্পিত দায়িত্ব; আর ক্ষমতা কোনো ব্যক্তির ব্যক্তিগত অধিকার নয়- জনগণের অর্পিত সাংবিধানিক আমানত।”

তিনি আরও বলেন, “‘শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী জনগণ এক হও’- এটি শুধু সাংগঠনিক আহ্বান নয়, রাষ্ট্রের মালিকানায় জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঐতিহাসিক রাজনৈতিক আহ্বান। অংশীদারিত্বের গণতন্ত্রের ভিত্তিতেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা