জ্বালানি সংকট সরকারের কোনো ব্যর্থতা বা এ সংক্রান্ত কারণে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে রবিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনও শ্রদ্ধা নিবেদন করেন।
রিজভী বলেন, “সরকারের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতার কারণে লোডশেডিং ও গ্যাসের চাপ সংক্রান্ত সমস্যা সমাধান সম্ভব হয়েছে”।
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, তা আবার বৃদ্ধি পেয়েছে। মহেশখালীর ভাসমান টার্মিনালের ত্রুটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে”।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এলএনজি-ভর্তি কার্গো ইতোমধ্যে এসে পৌঁছেছে। ফলে লোডশেডিং অনেক কমে গেছে।
তিনি আরও বলেন, “সরকারের প্রতিটি কাজ ও সিদ্ধান্তের জবাবদিহি জাতীয় সংসদ, দলের নেতা-কর্মী ও গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হবে”।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমানে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেটি কিন্তু সরকারের কোনো ব্যর্থতা বা এ সংক্রান্ত কারণে হয়নি। এটি দেশের মানুষ যেমন দেখেছে, আপনারাও তেমনি দেখেছেন। তবে এর পেছনে যে চক্রান্ত বা ষড়যন্ত্র নেই, তা কিন্তু নয়। অবশ্যই গভীর চক্রান্ত রয়েছে”।
রিজভী বলেন, “বর্তমান সরকার সেই চক্রান্তগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করেই এই সরকার জনকল্যাণ, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের ধারা বজায় রেখেছে”।
আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী।