× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফখরুলের রাজনৈতিক যাত্রা

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতির চেয়ারে

বিবিসি বাংলা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:৩৪ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ২০:০০ পিএম

জাতীয় সংসদে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিএনপি মিডিয়া সেল

জাতীয় সংসদে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিএনপি মিডিয়া সেল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় সংসদে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। বৈধ ভোট পড়েছে ৩৪৩টি এবং ছয়টি ব্যালট অব্যবহৃত ছিল।

এর আগে ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবারের নির্বাচন ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হিসেবে বিশেষ গুরুত্ব পেয়েছে।

বঙ্গভবনের নতুন বাসিন্দা

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের কঠিন সময়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন বিএনপি মির্জা ফখরুলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। নির্বাচনে বিজয়ের পর আগামী পাঁচ বছরের জন্য বঙ্গভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তাঁর শপথ গ্রহণের কথা রয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগেই গত ২৪ জুলাই পদত্যাগ করেন। তার পদত্যাগের পরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতির পদে

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা দীর্ঘ ও বৈচিত্র্যময়। ছাত্রজীবনেই তিনি রাজনীতিতে যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ষাটের দশকে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগ দেন। তিনি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি ছিলেন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় কারাবরণও করেন।

শিক্ষাজীবন শেষে ১৯৭২ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরে বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন তিনি।

১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর ১৯৮৬ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগ দেওয়ার মাধ্যমে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন।

১৯৮৮ সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এর দুই বছর পর ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন তিনি।

মন্ত্রী থেকে বিএনপির মহাসচিব

১৯৯১ সালে বিএনপির মনোনয়নে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি মির্জা ফখরুল। তবে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

ওই বছরই তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে মন্ত্রিসভায় পরিবর্তন এলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

২০০৯ সালের বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০১১ সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। পরে ২০১৬ সালের ৩০ মার্চ তিনি বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হন।

বিএনপির দুঃসময়ে নেতৃত্ব

২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় বিএনপির জন্য ছিল কঠিন রাজনৈতিক সময়। তত্ত্বাবধায়ক সরকারের সময় দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার, কারাবরণ এবং দল ভাঙনের আশঙ্কার মধ্যেও মির্জা ফখরুল দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের নির্বাচন বর্জন ও আন্দোলনের সময় বিএনপির শীর্ষ নেতৃত্বের অনেকেই গ্রেপ্তার হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর এবং তারেক রহমান লন্ডনে অবস্থান করার সময় দেশের ভেতরে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মির্জা ফখরুল।

বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার ও কারাবরণ করতে হয়েছে। হামলা ও নির্যাতনেরও শিকার হয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির কঠিন সময়ে দলের নেতৃত্ব ধরে রাখার ক্ষেত্রে মির্জা ফখরুলের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

ক্লিন ইমেজের রাজনীতিক

রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উঠে আসে তার নম্রতা ও ভদ্র আচরণ। অন্য রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আক্রমণাত্মক বক্তব্য না দেওয়ার কারণে বিভিন্ন মহলে তিনি তুলনামূলকভাবে সৌজন্যশীল রাজনীতিক হিসেবে পরিচিতি পেয়েছেন।

গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, বিএনপির কঠিন সময়ে মির্জা ফখরুলের দৃঢ় অবস্থান দলকে টিকে থাকতে সহায়তা করেছে।

অন্যদিকে অধ্যাপক শামছুল আলম তাকে সদালাপী, বিনয়ী ও পরিশ্রমী রাজনীতিক হিসেবে উল্লেখ করেছেন।

রাষ্ট্রপতি পদটি দলীয় রাজনীতির বাইরে থেকে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালনের সুযোগ তৈরি করে- এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন বিশ্লেষকরা।

ঠাকুরগাঁও থেকে বঙ্গভবন

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী এবং পাকিস্তান প্রাদেশিক আইনসভা ও বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্যও ছিলেন। মা মির্জা ফাতেমা আমিন ছিলেন গৃহিণী।

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন মির্জা ফখরুল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তার স্ত্রী রাহাত আরা বেগম। তাদের দুই মেয়ে- মির্জা শামারুহ ও মির্জা সাফারুহ। বড় মেয়ে শামারুহ অস্ট্রেলিয়ায় পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে সাফারুহ শিক্ষকতা করছেন।

মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং এর আগে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন।

ছাত্রজীবনে রাজনীতির পাশাপাশি নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন মির্জা ফখরুল। নাট্যমঞ্চে অভিনয় এবং আবৃত্তিতেও অংশ নিয়েছেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষকতা, পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও বিএনপির মহাসচিব—বিভিন্ন দায়িত্ব পালন শেষে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা