গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দলকে গতিশীল করতে তৃণমূল থেকে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এর ধারাবাহিকতায় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বেও পরিবর্তন আনা হচ্ছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি খুব শিগগিরই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন সংগঠনটির একাধিক নেতা।
দলীয় সূত্র জানায়, নতুন কমিটি গঠনের আগে সম্ভাব্য নেতাদের রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকা যাচাই-বাছাই করা হচ্ছে। এ নিয়ে বিএনপির হাইকমান্ড কাজ করছে। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে। এরই মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে দফায় দফায় আলোচনা চলছে। তবে ‘সুপার ফাইভ’ নাকি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, তা নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে।
সর্বশেষ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। ওই কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান— দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন। এর মধ্যে রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতারা জানান, যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর এবার স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব পুনর্গঠনে গুরুত্ব দেওয়া হয়েছে। আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার সক্ষমতাকে প্রাধান্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
তারা আরও জানান, এবার শুধু জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তা, রাজনৈতিক ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতাও মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ— সব অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা চলছে।
পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক নেতাদের মধ্যে তৎপরতা বেড়েছে। সম্ভাব্য পদপ্রত্যাশীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কেউ কেউ নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ডের বিবরণও জমা দিয়েছেন বলে জানা গেছে।
তবে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, ব্যক্তিগত তদবিরের চেয়ে রাজনৈতিক অবদান, সাংগঠনিক মূল্যায়ন এবং আন্দোলন-সংগ্রামে মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার নেতাদের অবদানকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা কাজী মোক্তার হোসেন, শেখ মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং জহির উদ্দিন তুহিন।
বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোক্তার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শুনেছি শিগগিরই কমিটি হবে। আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাদের দায়িত্ব দেবেন, তাদের নেতৃত্বেই সংগঠন এগিয়ে যাবে।
বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, বর্তমান কমিটির তিনজন নেতার সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই নতুন কমিটি দেওয়ার কথা জানিয়েছেন।