× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংকুচিত হচ্ছে গণতন্ত্র ও কথা বলার জায়গা: নাহিদ ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২২:৪১ পিএম

ঢাকার গুলশানের একটি হোটেলে সোমবার ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্সের (ডিজেএ) আয়োজনে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার গুলশানের একটি হোটেলে সোমবার ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্সের (ডিজেএ) আয়োজনে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে ধীরে ধীরে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। 

তিনি বলেন, বাংলাদেশে এখন একটি মুক্ত পরিবেশ আছে। তবে এই পরিবেশ কতদিন থাকবে, তা কেউ জানে না। গণতন্ত্র ও কথা বলার জায়গার এই সংকোচন ঠেকাতে সাংবাদিক ও রাজনৈতিক দলসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ঢাকার গুলশানের একটি হোটেলে সোমবার ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্সের (ডিজেএ) আয়োজনে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন পর্যায়ে কাজ করা সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের বক্তব্যে পতিত হাসিনা সরকারের সময় গণমাধ্যম কীভাবে নিয়ন্ত্রিত হয়েছে এবং স্বাধীন সাংবাদিকতায় কীভাবে বাধা সৃষ্টি করা হয়েছে, তা উঠে আসে। প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, নিউএজের আজাদ মজুমদার, ফকরুল আলম কাঞ্চন, চ্যানেল ২৪-এর মাকসুদ উন নবীসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকরা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

বিরোধী দলের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিকভাবে কোনো প্রতিবাদ করলে কিংবা গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানালে সেটিকে হঠকারিতা বলা হচ্ছে। সরকারকে এসব সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করাকে হঠকারিতা বলা এবং বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করা হলে তা উদ্বেগজনক। তারা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চান না।

তবে রাস্তায় বসে বিক্ষোভ করাও গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতে বিরোধী দল রাস্তায় নামলে সেটিকে বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করে মামলা বা গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক হবে।

তিনি বলেন, বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে। এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র।

সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সাংবাদিকদের দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করবে। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরও সাংবাদিকরা নানা উপায়ে তথ্য সংগ্রহ ও প্রকাশের চেষ্টা করেছেন। মফস্বলের সাংবাদিক, মাল্টিমিডিয়া সাংবাদিক ও নাগরিক সাংবাদিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল।

গণমাধ্যমের বড় অংশ ফ্যাসিবাদপন্থী বয়ান প্রচার করেছে  

অনুষ্ঠানে প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাইয়ের একটি সাযুজ্য ও মিল রয়েছে, বিশেষ করে গণমাধ্যমের ভূমিকার ক্ষেত্রে। 

তিনি বলেন, ১৯৭১ সালে অবরুদ্ধ বাংলাদেশে সংবাদপত্র, টেলিভিশনসহ গণমাধ্যমের কোনোটি বন্ধ ছিল না। কিন্তু সেসব গণমাধ্যমে কী সংবাদ বা মতামত প্রচারিত হতো, তা ইতিহাস থেকে জানা যায়। বাস্তবতাবিরোধী নানা বয়ান প্রচার করা হতো। মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র হিসেবে তুলে ধরা হতো এবং মুক্তিযোদ্ধাদের বলা হতো দুষ্কৃতকারী।

মারুফ কামাল খান বলেন, সত্য তুলে ধরার দায়িত্ব ছিল গণমাধ্যমের। কিন্তু কার্যকর গণমাধ্যমগুলোর প্রায় সবই তখন মুক্তিযুদ্ধের বিপরীত অবস্থানে দাঁড়িয়েছিল। তারা সম্মিলিতভাবে একই বয়ান প্রচার করেছে। তবে মানুষ সেই বয়ান বিশ্বাস করেনি। তা বিশ্বাস করলে মুক্তিযুদ্ধ সফল হতো না।

তিনি বলেন, অবরুদ্ধ দেশের গণমাধ্যমের বড় একটি অংশ সঠিক ইতিহাসের পক্ষে না দাঁড়িয়ে ইতিহাসের বিপরীত অবস্থানে দাঁড়িয়েছিল। ২০২৪ সালেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। ফ্যাসিবাদকবলিত রাষ্ট্রে গণমাধ্যমের বড় অংশের ভূমিকা ছিল ফ্যাসিবাদের পক্ষে। জনগণের আন্দোলন, তাদের প্রত্যাশা এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পক্ষে যেসব সাংবাদিক ও সংবাদকর্মী ছিলেন, তারা ছিলেন সংখ্যালঘু। নীতিনির্ধারণী পর্যায়েও তাদের অবস্থান ছিল সীমিত। প্রায় সব গণমাধ্যমেই ফ্যাসিবাদপন্থী প্রচারণা ও বয়ান জোরালোভাবে প্রচারিত হয়েছে। কিন্তু মানুষ সেই বয়ানও বিশ্বাস করেনি।

মারুফ কামাল খান আরও বলেন, এখান থেকে একটি বিষয় স্পষ্টÑ কখনও কখনও গণমাধ্যম এমন ভূমিকা নেয়, যার ফলে তারা নিজেদের বিশ্বাসযোগ্যতা ও বিশ্বস্ততা হারিয়ে ফেলে। গণমাধ্যম যখন পুরোপুরি বিশ্বাসযোগ্যতা হারায়, তখন তাদের প্রচারিত বয়ানের বিরুদ্ধেই মানুষ অবস্থান নেয়। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সেটিই দেখা গেছে। শেষ পর্যন্ত জুলাই বিজয়ী হয়েছে।

তিনি বলেন, এখন বড় দায়িত্ব হলো গণমাধ্যমকে গঠন ও পুনর্গঠন করা। গণমাধ্যম ফ্যাসিবাদে আক্রান্ত ছিল এবং এর বড় একটি অংশে ফ্যাসিবাদপন্থী শক্তির প্রভাব এখনও রয়েছে। তাই গণমাধ্যমের পুনর্গঠন প্রয়োজন, একই সঙ্গে প্রয়োজন এর গণতন্ত্রায়ন।

রাজনীতিতে যারা আছেন, রাষ্ট্রক্ষমতায় যারা আছেন এবং বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবাইকে গণমাধ্যমের পুনর্গঠন ও গণতন্ত্রায়নের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। তার মতে, গণমাধ্যম এখনও পুরোপুরি গণতান্ত্রিক নয়। গণমাধ্যমকে গণতান্ত্রিক করা সম্ভব হলে জুলাই বিপ্লবকে বিপথগামী করার সুযোগ তৈরি হবে না।

অনুষ্ঠানে শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি জানান। 

এ অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনসহ এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা