জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার সন্ধ্যা ৭টায় আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং জনদুর্ভোগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না”।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার সন্ধ্যা ৭টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “হাজার হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। জরুরি খাতের অর্থ ব্যবহার করে সরকার চাইলে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারে”।
সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলে জনগণকে আর অপেক্ষায় রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “জরুরি ভিত্তিতে জনগণের দুর্ভোগ কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে পারে”।
অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ, ভুতুড়ে বিল বন্ধ এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে অপচয় ও অনিয়ম বন্ধ করার দাবি জানান তিনি।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সিন্ডিকেটের মাধ্যমে লুটপাটের বাজার তৈরি করা হয়েছে। এসব বন্ধ করা গেলে সরকারের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। তবে সরকারের সেদিকে নজর নেই; বরং বিরোধী দলের আন্দোলনের দিকে তাদের বেশি নজর বলে মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ সংকট সমাধানের সময়সীমা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, “প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কেউ ১০ বছর, আবার কেউ দুই বছরের মধ্যে সমস্যা সমাধানের কথা বলছেন। তাদের বক্তব্যের মধ্যেই কোনো সামঞ্জস্য নেই। আগে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে জনগণকে সঠিক তথ্য দিতে হবে”।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে সংকট সমাধানে একটি সমন্বিত প্রস্তাব দিয়েছে। সরকারের সক্ষমতা থাকলে সেই প্রস্তাব বাস্তবায়ন করে জাতির সামনে তুলে ধরতে হবে”।
গোলাম পরওয়ার আরও বলেন, “আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না। কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হয় না, দেশও ক্ষতিগ্রস্ত হয়”।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব তুলে ধরে তিনি বলেন, “এর কারণে সকালে চুলা জ্বালাতে না পারা মা, কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়া শ্রমিক এবং সময়মতো পণ্য উৎপাদন ও রপ্তানি করতে না পারা উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে”।
জনগণের দুর্ভোগ আড়াল করতে এবং নিজেদের গণবিচ্ছিন্নতা থেকে বাঁচতে ব্যর্থ সরকারগুলো বিভিন্ন সময় নন-ইস্যুকে সামনে এনে বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মদ শাহজাহান, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।