× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকিব-নাছির অধ্যায়ের অবসান, ছাত্রদলে নতুন নেতৃত্বের তোড়জোড়

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৯:৫৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনসেটে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনসেটে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, নতুন কমিটির একটি খসড়া এরই মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে। তার চূড়ান্ত অনুমোদনের পর যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে।

কমিটি ঘোষণার জল্পনা আরও জোরালো হয়েছে বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বর্তমান শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের বিদায়ী সাক্ষাতের পর। সাক্ষাতে বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক আবেগঘন বিদায়ী বার্তা দেন। ফলে বর্তমান কমিটির নেতৃত্বপর্ব কার্যত শেষ হয়ে এসেছে বলে মনে করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

দলীয় সূত্রের ভাষ্য, বিদায়ী সাক্ষাতে সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের ভূমিকা, সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব, নতুন প্রজন্মকে দায়িত্ব দেওয়ার প্রয়োজনীয়তা এবং বিদায়ী নেতাদের মূল দলের রাজনীতিতে সম্পৃক্ত করার বিষয় নিয়ে আলোচনা হয়। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা নেতাদের পরবর্তী ধাপে নিয়ে গিয়ে নতুনদের নেতৃত্বে সুযোগ দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

দুই বছরের মেয়াদ শেষ, নতুন নেতৃত্বের অপেক্ষা

২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সময়ে আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়াকে সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।


পরে ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকেই নতুন কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশীদের তৎপরতা বাড়তে থাকে।

দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচন দলটির সাংগঠনিক ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিএনপির সাংগঠনিক কাঠামোয় তরুণ নেতৃত্বকে সামনে আনার যে আলোচনা চলছে, ছাত্রদলের নতুন কমিটিকেও তার অংশ হিসেবে দেখা হচ্ছে।

শীর্ষ পদে আলোচনায় যারা

নতুন কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির ২ নম্বর সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল। একই শিক্ষাবর্ষের মনজরুল আলম রিয়াদ, আরিফুল ইসলাম আরিফ ও শাফি ইসলামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন। 

২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ এবং মাসুদুর রহমান মাসুদ।

২০১০-১১ শিক্ষাবর্ষের নেতাদের মধ্যে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, মাসুম বিল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক।

২০১১-১২ শিক্ষাবর্ষ থেকেও বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রনি, জাহিদ হাসান শাকিল, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদুল ইসলাম কাজল, রাজু আহমেদ, প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক শামিম আকতার শুভ।

দোরগোড়ায় ঢাবির কমিটিও

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি গঠনের তোড়জোড়ের মধ্যেই আলোচনায় এসেছে সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ব পরিবর্তনের বিষয়টিও। বর্তমান কমিটি ২০২৪ সালের মার্চে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি ও নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ঘোষণা করা হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিটি গঠনের আলোচনা জোরালো হলেও রাজনৈতিক ও সাংগঠনিক নানা সমীকরণে তা আর আলোর মুখ দেখেনি।

তবে এবার কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় ঢাবি ছাত্রদলেও নতুন নেতৃত্বের সম্ভাবনা জোরালো হয়েছে। পদপ্রত্যাশী নেতারা ইতোমধ্যে ক্যাম্পাসে নিজেদের সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ।


ঢাবিতে আলোচনায় যারা

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শীর্ষ পদে বেশ কয়েকজন নেতা আলোচনায় রয়েছেন। ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, ইমাম আল নাসের মিশুক, গাজী মোহাম্মদ আল-আমিন এবং সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান সম্ভাব্য শীর্ষ নেতৃত্ব হিসেবে আলোচনায় রয়েছেন।

এ ছাড়া ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে বিজয় একাত্তর হলের সাবেক সাধারণ সম্পাদক বি এম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খান ও আলমগীর হোসেন আলমের নাম রয়েছে আলোচনায়।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয় ও আবিদুল ইসলাম খান এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জেসান, প্রচার সম্পাদক তানভীর হাসান ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাহমুদুল হাসানের নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে।

এ ছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক যোগাযোগ সম্পাদক জোবায়ের আলী এবং ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ সাইফের নামও আলোচনায় রয়েছে।

আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

বর্তমান নেতৃত্বের বিদায়ী সাক্ষাৎ, সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেগঘন বিদায়ী বার্তা এবং সম্ভাব্য পদপ্রত্যাশীদের তৎপরতায় ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনা এখন তুঙ্গে। সংশ্লিষ্টদের ভাষ্য, নতুন কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। বিএনপির শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদন মিললেই যে কোনো সময় আসতে পারে কাঙ্ক্ষিত ঘোষণা।

তবে কমিটি ঘোষণার সময়সূচি নিয়ে এখনো রয়েছে কিছুটা ধোঁয়াশা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, নতুন কমিটি গঠনের বিষয়ে তাঁর কাছে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি।

এ অবস্থায় রাকিব-নাছির নেতৃত্বাধীন অধ্যায়ের পর ছাত্রদলের হাল কারা ধরছেন, তা নিয়েই সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে বাড়ছে কৌতূহল। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নানা আলোচনা ও জল্পনা থাকলেও শেষ পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তেই নির্ধারিত হবে জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব, সাংগঠনিক গতিপথ ও রাজনৈতিক কর্মপরিকল্পনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা