× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডেঙ্গু মোকাবিলায় মশা বন্ধ্যত্বকরণে চিন্তা করছে সরকার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৬:৩০ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:০৫ পিএম

‘ডেঙ্গু মোকাবিলায় মশা বন্ধ্যত্বকরণে চিন্তা করছে সরকার’

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার মশা বন্ধ্যত্বকরণ প্রযুক্তি ব্যবহারের চিন্তা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি গবেষণার মাধ্যমে এডিস মশা বন্ধ্যত্বকরণ করেছে। ইন্দোনেশিয়া এ প্রযুক্তি ব্যবহার করে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করছে। বাংলাদেশ এ প্রযুক্তি ব্যবহারে কাজ করছে।’

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ডেঙ্গুসহ মশাবাহিত রোগপ্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘সাধারণত অক্টোবর-নভেম্বরে ডেঙ্গুর প্রকোপ কমে যায়। অন্য বছরের তুলনায় এবার ডেঙ্গু পরিস্থিতির ভিন্নতা লক্ষ করা যাচ্ছে। পরিবর্তিত এ পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। কীটতত্ত্ববিদ ও বিশেষজ্ঞদের পরামর্শে নতুন পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘২০১৯ সাল থেকে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। ২০২০ সালে এসে সেই সফলতা দেখাতে সক্ষম হয়েছি। তবে ২০২২ সালে এসে আবার পরিস্থিতির ভিন্নতা লক্ষ করা যাচ্ছে, যা দুশ্চিন্তার।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘দুই সিটি করপোরেশনের মেয়র এডিস মশা নিয়ন্ত্রণে সব ধরনের প্রোগ্রাম নিয়েছেন। সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোকে ১০টি অঞ্চলে ভাগ করে নিবিড়ভাবে মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ, জনবল, অভিযান পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেটসহ প্রয়োজনীয় বিষয়গুলো সরবরাহ করা হয়েছে। মানুষকে সচেতন করার জন্য যা যা করণীয় তার সব করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে এডিস মশাসহ ক্ষতিকর কীটপতঙ্গের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীটনাশকও পরিবর্তন হচ্ছে। এজন্য এডিস মশা নিয়ন্ত্রণে আরও কার্যকর কীটনাশক আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এখন যে-কেউ অনুমোদিত কীটনাশক আমদানি করতে পারবেন।’

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহীম, কীটতত্ত্ববিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা