প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৯:৪৮ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন যুবদলের পদবঞ্চিত নেতারা। ছবি: সংগৃহীত
যুবদলের নতুন ১৫১ সদস্যের কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়ার অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগঠনটির পদবঞ্চিত সিনিয়র নেতারা।
সচিবালয়ে মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তারা সাক্ষাৎ করেন।
সাক্ষাতে পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, গত ৪ জুন ঘোষিত যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়, অপরিচিত ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে কমিটি গঠনে অনিয়ম ও পদ বাণিজ্যের অভিযোগও তুলে ধরেন তারা।
পদবঞ্চিত নেতারা কমিটিতে ‘অনৈতিক পন্থায়’ পদ পাওয়া বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের নাম ও পদবি দ্রুত সংবাদমাধ্যমে প্রকাশের জন্য যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে ‘অনৈতিক পন্থায়’ পদ পাওয়া বিতর্কিত ব্যক্তিদের কমিটি থেকে বাদ দিয়ে দলের দুঃসময়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পদবঞ্চিত নেতাদের বক্তব্য শোনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের আশ্বস্ত করে জানান, বিষয়টি তিনি নিজে এবং বিএনপির চেয়ারম্যান অবগত আছেন। খুব দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলেও তিনি তাদের আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অলি উদ্দিন সুমন দেওয়ান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান উল্লাহ বিপুল, মাহমুদ খান, মাইন উদ্দিন সুজন প্রমুখ।