প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৩:২৩ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১৪:০২ পিএম
মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দিল বিএনপি।
সচিবালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে এক বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থীতার কথা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
একটু পর মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। একইসঙ্গে বিএনপির মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়াই সম্প্রচার মাধ্যমগুলোতে সরাসরি দেখানো হবে। রাষ্ট্রপতি পদে মোট ৩৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংবিধানে বিদ্যমান ৭০ অনুচ্ছেদ এখনও বলবৎ থাকায় দলীয় সংসদ সদস্যরা তাদের দলের মনোনীত প্রার্থীকে ভোট দিতে বাধ্য থাকবেন। না হলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে।