সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১২:৩৯ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৬ ১২:৫১ পিএম
সাভারের সাদাপুরে স্কচটেপ পেঁচানো বোমা সদৃশ একটি প্রেশার কুকার উদ্ধার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাভারের হেমায়েতপুরে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের এক দিনের মাথায় এবার সাদাপুরে স্কচটেপ পেঁচানো বোমা সদৃশ একটি প্রেশার কুকার উদ্ধার করা হয়েছে।
বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে সাদাপুরের গোপের বাড়ি লালটেক এলাকার ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতরে পুরোনো জামাকাপড়, পবিত্র কোরআন শরিফ ও স্কচটেপ পেঁচানো একটি প্রেশার কুকার ছিল। পরে স্থানীয়রা কুকারটি ড্রাম থেকে বের করে মাঠে রাখেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে তিনজন অজ্ঞাত ব্যক্তি ড্রামটি মাঠে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করে।
ইমরান হোসেন বলেন, কুকারটি দেখতে আশুলিয়ায় উদ্ধার হওয়া বোমার মতো। ঝুঁকি এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা পরীক্ষা করার পর এতে বিস্ফোরক আছে কি না জানা যাবে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার হেমায়েতপুরে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।