ফেনীর কালিদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুরুল আফসার সোহাগকে বহিষ্কার করা হয়েছে। ছবি: সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনীর কালিদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুরুল আফসার সোহাগকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
ফেনী জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি স্বাক্ষরিত মঙ্গলবারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নুরুল আফসার সোহাগকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি কৃষক দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় পরিচয় ব্যবহার করে কোনো অপকর্মে জড়ালে এর দায়ভার দল নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে স্থানীয় কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান বলেন, “নুরুল আফসার সোহাগের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছিল। তাকে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি নিজেকে সংশোধন করেননি। পরবর্তীতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন খোকন বলেন, “সোহাগ দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। এ কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।”