সাকিব আল হাসান। ছবি: ফেসবুক থেকে
ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও তাকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
একই সঙ্গে তিনি বলেছেন, সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলা ও অভিযোগের বিচারিক প্রক্রিয়া মোকাবিলা করতে চাইলে সরকার তাকে পূর্ণ নিরাপত্তা দেবে।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাকিব আল হাসান সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি বাংলাদেশে ফিরে তার বিরুদ্ধে ওঠা মামলা মোকাবিলা করতে চান। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে জাহেদ উর রহমান উল্টো প্রশ্ন করে বলেন, “সাকিব আল হাসান যদি দেশে আসেন আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন?”
সাকিব দেশে এলে তার নিরাপত্তাহীনতায় পড়ার কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, “সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইনড (সংযুক্ত) হয় এবং এখনও অ্যালাইনড থাকেন, ৫ তারিখের পরও তার বক্তব্য এসেছে”।
সাকিব যত বড় মাপের তারকাই হোক সরকার সেই বিষয় নিয়ে চিন্তা করে না জানিয়ে তিনি জানান, সাকিবের নিরাপত্তা চাওয়ার বিষয়টি সরকারের ওপর চাপ তৈরির চেষ্টা।
উপদেষ্টা বলেন, “উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য”।
তিনি বলেন, “উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে (কোনোভাবেই না)”।
সাকিব দেশে এলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “তিনি আসবেন এবং নিরাপত্তার মাধ্যমে তার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে তা মোকাবিলা করবেন। আইনগত যে ব্যাপার আছে, সব যদি তিনি মেনে নিয়ে আসেন, তাতে কোনো সমস্যা আমি দেখি না”।
একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেও তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “সাংবিধানিক অধিকার যা যা পাওয়া সেটা সাকিব আল হাসান হোক সেটা হাসিনা হোক তারা পাবেন এটা ফরশিওর (নিশ্চিত)”।
“হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন। আমি বহুবার বলেছি। তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন। বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব”, বলেছেন তিনি।