রংপুর অফিস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২০:৪১ পিএম
রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না। একমাত্র ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হলে মানুষের অধিকার বাস্তবায়ন হবে।
এটি প্রতিষ্ঠিত হলে ১০ বছরের মধ্যে দেশের সব গরিব মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠে আসবে। নারীদের ইজ্জত রক্ষা হবে, তারা সমঅধিকার নয়, ন্যায্য অধিকার পাবেন।
সোমবার সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছয় মাসে দেশে ঘুষ-দুর্নীতি বন্ধ করা যায়নি। আমি বলি, বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না। চ্যালেঞ্জ দিলাম। তিনি আরও বলেন, আমরা নির্বাচনের আগে কুরআনের পক্ষে একটি ভোটের বাক্স করেছিলাম। স্টিয়ারিংয়ে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমাদের কাফেলা চলছিল সাহসের সঙ্গে। আশা ছিল, দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হবে। হঠাৎ দেখি স্টিয়ারিংয়ে চরমোনাই পীর সাহেব নেই। আমরা দেখি, কাফেলা মদিনা থেকে আমেরিকার দিকে চলে যাচ্ছে। এ কারণে আমরা জোট ত্যাগ করেছিলাম। আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।
ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন রংপুর জেলার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, সাধারণ সম্পাদক মুহা. মাহমুদুর রহমান রিপন সরকার প্রমুখ।