দুর্নীতি-নিয়োগ বাণিজ্য
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৬:১২ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৬ ১৬:৩৭ পিএম
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী
দেশের বিভিন্ন ক্ষেত্রে ও অনিয়মের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্কুল-কলেজ-মাদ্রাসার কমিটি দখলের পেছনে মূল কারণ হলো সেখানে অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ।
তিনি বলেন, “স্কুল, কলেজ, মাদ্রাসা সকল জায়গায় কমিটিগুলো দখল নিতে হবে। কেন নিতে হবে জানেন? ওখানে মধু আছে, চুষলেই জিব্বায় মজা লাগে”।
গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার দুপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সব জায়গায় চুরি চলছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, “ওখান থেকে হারাম উপায়ে বিভিন্ন ধরনের সুবিধা হয়, অবৈধ সুবিধা। এইজন্য পাগল...শিক্ষক নিয়োগ দিতে পয়সা, পিয়ন নিয়োগ দিতে পয়সা, ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকা থেকেও পয়সা। সব জায়গায় চুরি”।
তিনি আরও বলেন, “এই চোরের হাত আমরা বন্ধ করতে চাই। চাঁদাবাজদের হাত বন্ধ করতে চাই, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই। সেই মানবিক বাংলাদেশ বানাতে চাই”।
দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “শিশু, নারী, যুবক, বয়স্কসহ সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষকে নিরাপদ দেখতে চাই”।
তার ভাষায়, “ন্যায়-ইনসাফের বাংলাদেশ, সকলের জন্য সমান ইনসাফ আমরা নিশ্চিত করতে চাই”।
এ সময় গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনারা রায় দিলেন, সরকার এখন যারা আছে তারা বলেছিল রায় দেন, হ্যাঁ বলেন, সবাই হ্যাঁ বললাম। এখন আমরা হ্যাঁ এর উপরে আছি, তারা না হয়ে গেছে।
হুশিয়ারি দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবেন”।