বাসস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৫:৪১ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৬ ১৫:৫২ পিএম
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি
রাষ্ট্রপতি পদে নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ১১ দলীয় জোট।
ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কার্যালয় থেকে জোটের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
মনোনয়ন পত্র সংগ্রহ করা পর ১১ দলীয় সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, কর্নেল (অব.) অলি সাহেব সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
তিনি বলেন, জয়-পরাজয় নয়, প্রতিদ্বন্দ্বিতাই গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জনগণের সামনে বিকল্প তৈরি করা এবং ভোটের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করাই গুরুত্বপূর্ণ।
এরআগে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে।
ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
ইসি ভবনে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র পরীক্ষা বা বাছাই করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত।
আর ভোট গ্রহণের সময় ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।