মজুমদার ইমরান
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৯:০০ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৯:০৩ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিএনপি
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে দলীয়ভাবে তার মনোনয়ন চূড়ান্ত করেছেন বিএনপির একাধিক নেতা প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “দলীয় চেয়ারম্যান মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করেছেন। দীর্ঘদিনের বিএনপি মহাসচিবই রাষ্ট্রপতি পদে দলের পছন্দ”।
বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু তারেক রহমানের এবং তারা আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হননি।
তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা নিশ্চিত করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যেই বিএনপি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।
নির্বাচন কমিশন থেকে রবিবার রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে বিএনপির সর্বশেষ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলটির নীতি নির্ধারকরা রাষ্ট্রপতি পদের মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। ওই বৈঠকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের ক্ষমতা সর্বসম্মতভাবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়।
সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায়, সংসদীয় সমর্থনে অপ্রত্যাশিত কোনো পরিবর্তন না হলে দলটির মনোনীত প্রার্থীই দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে মির্জা ফখরুল ছাড়া আর কোনো বৈধ প্রার্থী না থাকলে সংসদে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যেতে পারে।
গত ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত-এনসিপির নেতৃত্বে গঠিত ১১ দলীয় বিরোধী জোট। ইতিমধ্যে ১১ দলীয় জোট থেকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে।
রবিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানান।
পরবর্তী মহাসচিব কে হবেন
মির্জা ফখরুল বঙ্গভবনে গেলে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ মহাসচিব পদটি এক দশকের মধ্যে প্রথমবারের মতো শূন্য হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন এবং ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে মহাসচিবের দায়িত্ব পান। আওয়ামী লীগ সরকারের সময় ফখরুল ছয়বার কারাগারে যান।
বেগম খালেদা জিয়া কারাবন্দি এবং তারেক রহমান বিদেশে অবস্থানকালে তিনি বিএনপির অন্যতম দৃশ্যমান রাজনৈতিক নেতা হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন। বছরের পর বছর তাকে সরিয়ে নতুন মহাসচিব নিয়োগের নানা জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
বিএনপির ভেতরে মির্জা ফখরুল একজন মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিতি পান। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা অবস্থায় তিনি দলের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় ও ঐক্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এখন তার বিদায়ের ফলে বিএনপিকে প্রায় এক দশক পর সংগঠনের নেতৃত্বে নতুন মুখ বেছে নিতে হবে। একই সময়ে দলটি চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে সম্ভাব্য জাতীয় কাউন্সিলের প্রস্তুতিও নিচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম সম্ভাব্য মহাসচিব পদে উত্তরসূরি হিসেবে দলের ভেতরে আলোচনায় রয়েছে। এ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মহাসচিব পদে আলোচনায় রয়েছেন।
বিএনপির একটি সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হবেন রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগে বা কাউন্সিলের সময় চূড়ান্ত নেতৃত্ব নির্ধারণের আগে দলটি প্রাথমিকভাবে একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করতে পারে।