× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শেখ হাসিনা কার্ড’ খেললে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ২০:৪৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: বিএনপি মিডিয়া সেল

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: বিএনপি মিডিয়া সেল

ভারত একদিকে শেখ হাসিনা ‘কার্ড’ খেলবে, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইবে- এ দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদা, সম্মান ও দুই দেশের সার্বভৌম সমতার ভিত্তিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শনিবার জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যৌথ উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখেই ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। ভারত যদি শেখ হাসিনা কার্ড খেলে এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তাহলে তা পরস্পরবিরোধী”।

ভারতীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বুঝবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ভারতের মাটিতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন বক্তব্য দেওয়ার সুযোগ নিয়েও প্রশ্ন তোলেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ভারতীয় গণমাধ্যমে এমন বক্তব্য এসেছে যে বাংলাদেশের বৈধ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে না। তাহলে ভারত সরকার যদি সত্যিই তার বক্তব্য সমর্থন না করে, তাকে ভারতের মাটিতে বারবার সভা করার এবং বিশ্বমিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে কেন?”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পারস্পরিক নির্ভরশীলতাও রয়েছে। তাই বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সার্বভৌম সমতার ভিত্তিতে”।

আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “সংগঠন হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, তা আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। আইসিটি আইনের আওতায় অপরাধী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে”।

ব্যক্তি হিসেবে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারও চলমান রয়েছে বলে জানান তিনি।


অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত পরিণতি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান”।

জুলাইকে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে রিজভী বলেন, “এর পেছনে সাধারণ মানুষের আত্মত্যাগ রয়েছে”।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, “যারা এখন ‘শেখ হাসিনার আমলেই বোধহয় ভালো ছিল’—এমন কথা বলছেন, তাদের অবস্থান পর্যালোচনা করা প্রয়োজন”।

জামায়াতে ইসলামীর আমিরের বাসায় আয়োজিত একটি চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, “সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের বিভিন্ন চিত্র থাকলেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কোনো ছবি বা বক্তব্য ছিল না। বিষয়টি তাৎপর্যপূর্ণ ও রহস্যজনক”।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাউকে বাদ দিয়ে ইতিহাস উপস্থাপন করা হচ্ছে কি না, তা বিশ্লেষণ করা প্রয়োজন”।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে রিজভী বলেন, “বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই”। 

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বন্ধুত্ব থাকবে, তবে কোনো দেশের কাছে প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষকদের ভূমিকা, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা