গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সরকার পরিচালনার পাশাপাশি দলকে তৃণমূল থেকে আরও গতিশীল ও শক্তিশালী করতে দেশব্যাপী সাংগঠনিক সফরের উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটির নীতিনির্ধারকদের মতে, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী না হলে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন এবং রাজনৈতিক লক্ষ্য অর্জন কঠিন হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক সফর করবেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, এসব সফরের মূল উদ্দেশ্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং আগামী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া। এরই মধ্যে তারেক রহমান তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। গত কয়েক দিনে তিনি রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ ও জেলার নেতাদের সঙ্গেও একই ধরনের মতবিনিময় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এসব বৈঠকে তিনি দলীয় ঐক্য, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, সরকারের কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন।
গুলশান কার্যালয়ের একটি সূত্র জানায়, আগামীকাল রবিবার বিএনপি চেয়ারম্যান একদিনের সফরে চট্টগ্রামে যাচ্ছেন। সফরে তিনি হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। পরে আরও কয়েকটি জেলা সফরের পরিকল্পনা রয়েছে। তবে সেসব সফরের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
সূত্র আরও জানায়, কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে একাধিক সাংগঠনিক টিম গঠনের কাজ চলছে। এসব টিম তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কার্যক্রম এগিয়ে নেবে।
গত শনিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ আয়োজনের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে বিভাগ ও জেলা পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের সফরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে স্থায়ী কমিটির অন্তত দুই সদস্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য, তারেক রহমান সাংগঠনিক গতি বাড়ানো, অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করা, তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি এবং মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর পুনর্গঠনের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার পরিচালনার পাশাপাশি দলকে আরও গতিশীল ও শক্তিশালী করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সব স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সরকারের কার্যক্রমের অগ্রগতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলকে শক্তিশালী করার কার্যক্রম বিএনপিতে সব সময়ই চলমান।
বিএনপির দপ্তর সূত্র জানায়, দেশের প্রতিটি সাংগঠনিক জেলায় সফরের জন্য একাধিক টিম গঠনের প্রস্তুতি চলছে। প্রতিটি টিমের নেতৃত্বে স্থায়ী কমিটির একজন সদস্য থাকবেন। তারা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জেলা সফর করে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং জাতীয় কাউন্সিল সামনে রেখে মেয়াদোত্তীর্ণ জেলা, উপজেলা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠনের কার্যক্রম এগিয়ে নেবেন। যেখানে পূর্ণাঙ্গ কমিটি প্রয়োজন সেখানে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং যেখানে তা সম্ভব নয় সেখানে আহ্বায়ক বা আংশিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।