গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাইশ গজে লাল-সবুজের জার্সিতে বহু রূপকথার জন্ম দেওয়া সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা যেন কখনোই থামার নয়। কিন্তু মাঠের বাঁক পেরিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের জীবন এখন দাঁড়িয়ে আছে এক জটিল মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক সংযোগস্থলে। দীর্ঘ নির্বাসিত জীবন, একাধিক আইনি জটিলতা এবং পারিবারিক বিরহের পর সাকিব এখন স্পষ্ট অবস্থান জানিয়েছেনÑ প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনি হয়রানিহীন পরিবেশ পেলে তিনি কালই পা বাড়াতে চান নিজ জন্মভূমির মাটিতে।
‘আইন মেনে লড়াই করতে রাজি, কিন্তু চাই নিরাপত্তা’
দেশের মাটিতে ফেরা এবং আইনের মুখোমুখি হওয়া নিয়ে সাকিব নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার সাফ কথাÑ আইনি বিচার প্রক্রিয়া এড়ানোর কোনো মনস্তাপ তার নেই। তবে দেশ ছাড়ার পর যে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নিরাপত্তা নিয়ে নিশ্চিত আশ্বস্ত হওয়াটা তার মৌলিক শর্ত।
বিদেশি গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোর মুখোমুখি হয়ে আমি আদালতে লড়াই করতে প্রস্তুত। আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি। কিন্তু দেশে ফিরে সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত যেন কোনো অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার হতে না হয় এবং আমার স্বাভাবিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা হয়Ñ এটুকুই তো চাওয়া। এই আশ্বাসটুকু পেলেই আমি অবিলম্বে দেশে ফিরব।’
আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে সাকিব আরও যোগ করেন যে, নিজেকে নির্দোষ প্রমাণে তার কোনো সংশয় নেই, তবে নিরাপত্তা ছাড়াই হুট করে ফিরে জটিলতায় পড়ার মতো ভুল তিনি করতে চান না।
দেশে ফিরতে চান শেখ হাসিনার সঙ্গে
সম্প্রতি দেশে ফেরার প্রশ্নে দ্রুততম সময়ের কথা উল্লেখ করেছিলেন সাকিব। এবারও তিনি সেই কথার পাশাপাশি ডিসেম্বরে দেশে ফিরতে চাওয়া শেখ হাসিনার সঙ্গী হওয়ারও ইচ্ছা প্রকাশ করলেন। এর আগে রয়টার্সকে হাসিনা জানিয়েছেন, তিনি এবং আওয়ামী লীগের অন্য নেতারা আগামী ডিসেম্বরে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরবেন। একই প্রসঙ্গে এবার সাকিব বলেন, তিনি এখনই দেশে ফিরতে চান। তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন।
সাবেক প্রধানমন্ত্রীকে ‘অধিনায়ক’ উল্লেখ করে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার বলেন, ‘অধিনায়ক যা বলেন, আমরা তাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন, আর আমরা তাদের নির্দেশনা মেনে চলব।’
আলোচনা করতে চান তারেক রহমানের সঙ্গে
সাকিব আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলে দেশে ফেরার বিষয়ে আলোচনা করতে চান। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অলরাউন্ডার থেকে কাঠগড়ায়Ñ মামলার বিবরণ ও বাস্তবতা
শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। যার মধ্যে আদাবর থানায় একটি হত্যা মামলা ছাড়াও রয়েছে শেয়ারবাজার ও চেক জালিয়াতি সংক্রান্ত কিছু অভিযোগ।
রাজনৈতিক বাস্তবতায় হওয়া এসব মামলাকে আইনি কৌশল হিসেবেই দেখছেন সাকিব ও তার আইনজীবী দল। সাকিব বলেন, দেশের বহু মানুষের বিরুদ্ধে দুর্নীতি বা অন্যান্য মামলা রয়েছে, তারা তো স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য ও কাজ করে যাচ্ছেন। তবে নিজের নামে মামলা থাকলেও আদালতের মাধ্যমে সব অভিযোগ মিথ্যা প্রমাণ করার সুদৃঢ় আশা রয়েছে তার।
স্বজনদের দেখার আকুতি ও মাঠ থেকে বিদায়ের স্বপ্ন
আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত অংশ নিলেও মনের গহিনে দেশি জার্সি ও স্বজনদের জন্য এক গভীর শূন্যতা কাজ করছে সাকিবের। দুই বছর ধরে মা-বাবার দেখা পাননি তিনি; পরিবার রয়েছে সুদূর মার্কিন মুলুকে, অথচ মা-বাবা রয়েছেন বাংলাদেশেই, কিন্তু বিদেশ ভ্রমণের অনুমতি না থাকায় দূর থেকেই দিন গুনতে হচ্ছে সবাইকে।
যা বললেন ক্রিকেট ক্যারিয়ার নিয়ে
ক্রিকেট ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন সাকিব। তিনি বলেন, এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এবং নিজেকে ভালোই অনুভব করছেন। তার ভাষায়, ‘আমি এখনও খেলাটা উপভোগ করছি, ভালো খেলছিও। কিন্তু বয়স তো আর আমার পক্ষে নেই। তাই অবসরের জন্য খুব বেশি অপেক্ষা করতে পারব না।’
টেলিফোনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও তিনি অবসর নেননি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলাই তার লক্ষ্য।
বিমানে উঠেও ফিরতে পারেননি দেশে
সাকিব জানান, ২০২৪ সালের শেষদিকে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তার আশ্বাস পেয়ে তিনি দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে উঠেছিলেন। বিমানবন্দরের লাউঞ্জ থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যাত্রার বিষয়টি নিশ্চিত করেছিলেন। কিন্তু মাঝপথে তাকে ফিরে যেতে বলা হয়। পরে তিনি দুবাইয়ে নেমে আবার নিউইয়র্কে ফিরে যান। তিনি বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে কী বদলে গেল, আমি জানি না।’
তিনি জানান, ওই সফরের প্রস্তুতি পাঁচ থেকে সাত দিন ধরে চলেছিল। এরপর শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার পর দেশে ফেরার আরেকটি পরিকল্পনাও বাতিল হয়ে যায়। সাকিবের দাবি, ওই পোস্টকেই দেশে প্রবেশে বাধা দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তিনি বলেন, ‘একটি জন্মদিনের শুভেচ্ছা কীভাবে দেশে ঢুকতে না দেওয়ার মানদণ্ড হতে পারে, আমি বুঝি না।’
সাকিবের ফেরার বিষয়ে নেতিবাচক মনোভাব ক্রীড়া প্রতিমন্ত্রীর
সাকিবের রাজনৈতিক পরিচয় এখন তার ক্রিকেট পরিচয়ের চেয়ে বেশি আলোচনায় আসছে। রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সিদ্ধান্ত তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনাকে আরও কঠিন করে তুলেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ দেখছেন না তিনি।
তিনি বলেন, ‘আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’
আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবকে দেশে ফিরতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। যে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও মনে করেন, সাম্প্রতিক ঘটনার পর সাকিবের রাজনৈতিক পরিচয়ই বড় হয়ে উঠেছে।
শেষ কথা
একই সঙ্গে ক্রিকেট ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে সাকিবের সুপ্ত বাসনা- নিজের দেশের চেনা দর্শকদের সামনেই লাল-সবুজ জার্সি গায়ে বিদায়ী সিরিজটি খেলার। বয়স ও আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতায় তিনি জানেন খেলার সময় আর খুব বেশি দীর্ঘ নয়। এখন দেখার বিষয়, রাজনৈতিক ও আইনি বাধার বরফ গলে কবে নাগাদ প্রিয় মিরপুরের হোম অব ক্রিকেটে আবারও বল বা ব্যাটে গর্জে উঠবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।