অবস্থান কর্মসূচি থেকে লংমার্চের ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার সচিবালয় ঘেরাও করতে যান জোটের নেতারা। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী
জনজীবনের চরম সংকট, গ্যাস-বিদ্যুতের ভুতুড়ে ও ‘ডাকাতি’ বিল এবং নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবার রাজপথে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। বৈষম্যহীন বাংলাদেশ গঠন ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ এবং ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে তারা।
রাজধানীতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়ার পর সচিবালয় ঘেরাও করতে যান জোটের নেতারা। তবে সরকারের কেউ স্মারকলিপি নিতে না আসায় ক্ষোভ নিয়ে তারা ফিরে যান। অন্যদিকে রাজপথের আন্দোলনের পাশাপাশি মননশীলতার লড়াইয়েও জোর দিচ্ছে জামায়াত। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হলেও তাদের রেখে যাওয়া কালো ছায়াকে সুস্থ সংস্কৃতির মাধ্যমেই উৎপাটন করতে হবে।
স্মারকলিপি না দিয়েই সচিবালয় ছাড়েন নেতারা
মুক্তাঙ্গনের কর্মসূচি শেষে জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে যান জোটের নেতারা। দুপুর ১২টার দিকে প্রধান ফটকে পৌঁছলে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে তারা ৪৫ মিনিট অবস্থান করলেও সরকারের কোনো প্রতিনিধি স্মারকলিপি গ্রহণ করতে আসেননি। এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের যৌক্তিক দাবি জানাতে এসেছি”। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দুপুর দেড়টার দিকে স্মারকলিপি জমা না দিয়েই সচিবালয় এলাকা ত্যাগ করেন জোটের নেতারা।
চার বিভাগে লংমার্চ ও মহাসমাবেশ
রাজধানীর মুক্তাঙ্গনে গতকাল দুপুরে ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি থেকে লংমার্চের নতুন রূপরেখা ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে প্রথম লংমার্চ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা ও ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে লংমার্চ করবে জোটটি। ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশাল মহাসমাবেশ। সিলেট বাদে বাকি সব লংমার্চ সড়কপথে অনুষ্ঠিত হবে।
লংমার্চ কর্মসূচিতে ‘ফ্যাসিবাদী কায়দায়’ বাধা না দেওয়ার জন্য সরকারকে সতর্ক করে জামায়াতের আমির বলেন, বাধা দিলে এই আন্দোলন দ্বিগুণ শক্তি সঞ্চয় করবে। এলপিজির মূল্য বৃদ্ধির সমালোচনা করে অবিলম্বে দাম কমানোর দাবি জানান তিনি। অন্যথায় সংশ্লিষ্ট দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শফিকুর রহমান।
জোটের ১০ দফা দাবি
অবস্থান কর্মসূচি থেকে জনস্বার্থ-সংশ্লিষ্ট ১০ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- গত তিন মাসের ভুতুড়ে বিদ্যুৎ বিলের ওপর গণশুনানি ও দোষীদের শাস্তি, প্রিপেইড ও পোস্টপেইড মিটারের অযৌক্তিক ডিমান্ড চার্জ ও মিটারভাড়া বাতিল করে আদায় করা টাকা ফেরত দেওয়া, ‘গ্যাস না থাকলে বিল নয়’ নীতি কার্যকর করা, মহেশখালী এলএনজি টার্মিনালের ব্যর্থতার পূর্ণাঙ্গ তদন্ত ও বিকল্প ব্যাকআপ প্ল্যান তৈরি। এছাড়া স্মার্ট মিটারিং চালু করা, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি দিয়ে কর্মসংস্থান রক্ষা এবং বিদ্যুৎ-গ্যাস খাতে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
পাঁচ মাসেই ব্যর্থ সরকার
অবস্থান কর্মসূচিতে কড়া বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকার পাঁচ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকার যদি গ্যাস-বিদ্যুৎ, কর্মসংস্থান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তাদের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয়”।
গ্যাস না থাকলেও ভুতুড়ে বিল দিতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সরকার নির্বাচনের শুরু থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছ “। ২০২৪ সালে ‘বর্ষাবিপ্লব’ হয়েছিল, প্রয়োজন হলে ২০২৬ সালেও তা আবার হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ ছাড়া ক্ষমতাসীন ছাত্রদল পুরনো কায়দায় ক্যাম্পাস দখলের পাঁয়তারা করছে অভিযোগ করে জুলাই যোদ্ধাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের পতনের পর বিএনপির ২০ লক্ষাধিক লোকের চাঁদাবাজির সুযোগ হয়েছে। তারা বাসস্ট্যান্ড, রাস্তাঘাটে চাঁদাবাজি করছে”।
ঋণখেলাপিদের দিয়ে দেশ চলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, “নিজেদের দাবি আদায়ে জনগণকে যা করার তা-ই করতে হবে”।
কর্মসূচিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
ফ্যাসিবাদের ছায়া সরাতে হবে
ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে সংস্কৃতির মাধ্যমে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত ‘জুলাই সাংস্কৃতিক উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদ ও তাদের দোসররা দেশ থেকে পালালেও তাদের কালো ছায়া এখনও রয়ে গেছে। এই আগ্রাসন সংস্কৃতির মাধ্যমেই তাড়াতে হবে”।
তিনি জোর দিয়ে বলেন, “দেশ গড়ার ক্ষেত্রে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা রুখে দিতে হবে। ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে”।
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। উৎসবে ‘রক্তাক্ত জুলাই’ নাটকসহ বর্ণাঢ্য পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।