এনসিপি লোগো। ফাইল ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
একই সঙ্গে আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ অবস্থান তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। লিখিত বক্তব্য পাঠ করেন দলের যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ।
লিখিত বক্তব্যে এনসিপি দাবি করে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর মতো একটি গুরুত্বপূর্ণ দিনে নয়াদিল্লিতে শেখ হাসিনা ও তার সহযোগীদের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক চেতনা ও জাতীয় মর্যাদার প্রতি অসম্মান দেখিয়েছে।
দলটির ভাষ্য, শেখ হাসিনাকে ঘিরে যেকোনো সিদ্ধান্ত গ্রহণে ন্যায়বিচার, স্বচ্ছতা এবং বাংলাদেশের জনগণের অনুভূতির প্রতি সম্মান দেখানো উচিত। এ প্রেক্ষাপটে ভারত সরকারের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে এনসিপি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করে দলটি। এনসিপির অভিযোগ, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের লক্ষ্যে সরকার এখন পর্যন্ত যথেষ্ট কার্যকর, দৃশ্যমান ও ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারেনি। এ বিষয়ে সরকারের জবাবদিহিতা দাবি করা হয়।
এনসিপি আরও বলেছে, রাষ্ট্রে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বাসযোগ্য, সমন্বিত ও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী প্রক্রিয়া প্রয়োজন। বিষয়টিকে শুধু রাজনৈতিক বক্তব্য বা কূটনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
দলটি আরও দাবি করে, প্রয়োজনীয় সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার স্থায়ী অবসান নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ড বা জনগণের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের যথাযথ বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না করে তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া উচিত নয়।