হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২৩:১৫ পিএম
হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের অর্জন কোনো দল বা ব্যক্তির নয়, এটা সারা বাংলাদেশের মানুষের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
তিনি বলেন, "আমরা একবারও বলিনি তারেক রহমানই জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড, কিংবা জুলাই আন্দোলনের সব কৃতিত্ব বিএনপির। জোর করে ইতিহাস রচনা করা যায় না। জুলাই যোদ্ধাদের সঙ্গে যে সংগঠনটি ছায়ার মতো ছিল, সেটি হচ্ছে বিএনপি-এটাই প্রকৃত ইতিহাস।"
হবিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হুইপ জি কে গউছ বলেন, "যারা আজকে জুলাই যোদ্ধা দাবি করেন, সেই দিন শেখ হাসিনা ও তার সরকারের চাপ সহ্য করতে পারেননি। রিমান্ডে গিয়ে হারুনের ভাতের হোটেলে রান্না করা খাবার খেয়ে বিবৃতি দিয়েছেন। আমরা অন্য কোনো আন্দোলন করছি না, আমরা কোটা সংস্কারের আন্দোলন করছি। সরকার এই দাবি মানলে আমাদের আর কোনো আন্দোলন নেই। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, শিক্ষার্থীদের ক্যাম্পাসে যেতে দেওয়া হোক-এটাও বাংলাদেশের ইতিহাস।"
তিনি বলেন, "বিগত পালিয়ে যাওয়া সরকার ১৯৭১ সালকে বিভিন্নভাবে বিকৃত করেছে। তারা ইতিহাস বিক্রি করেছে, নিজেরা আঙুল ফুলে কলাগাছ হয়েছে। কিন্তু স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি। ইতিহাসকে জোর করে নিজের মতো করে লেখা যায় না।"
হবিগঞ্জে জুলাই আন্দোলনে নিজের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, "হবিগঞ্জে জুলাই আন্দোলন হয়েছে। আমি হবিগঞ্জের মামলার আসামি, শায়েস্তাগঞ্জের মামলার আসামি। আমাকে যদি সরকার থ্রেট মনে না করত, তাহলে তো আমি আসামি হওয়ার কথা নয়।"