বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী
একটি মহলের কারণে আজও জুলাইয়ের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মঙ্গলবার এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, “ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফ-ভিত্তিক এবং সুশাসন ও ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তারা বুকের তাজা রক্ত দিয়ে এ জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। আমরা তাদের কাছে চির ঋণী। একটি মহলের কারণে আমরা তাদের সেই প্রত্যাশা আজও পূরণ করতে পারিনি। এখনো আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে”।
তিনি বলেন, “আমাদের শপথ নিতে হবে শহিদদের রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। বীর শহিদদের রক্তের ঋণ আমরা কেবল তখনই আংশিক পরিশোধ করতে পারবো, যখন একটি বৈষম্যহীন, পূর্ণাঙ্গ গণতান্ত্রিক, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার-ভিত্তিক ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হবো”।
এসময় ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থান শহিদ এবং আহত হওয়া সকলের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জানান।
বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে জুলাই গণআন্দোলনের গৌরবময় ফসল উল্লেখ করে বলেন, “দেশের মুক্তিকামী সর্বস্তরের মানুষ জালিম শাসকগোষ্ঠীর রক্ত চক্ষু, গুলি, বোমা উপেক্ষা করে স্বৈরশাসনের শৃঙ্খল ভেঙে বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশব্যাপী দুর্বার গণআন্দোলন গড়ে তোলে। ফলে গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলের শীর্ষস্থানীয় নেতা ও মন্ত্রী-এমপিদের নিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এ সবই জুলাই গণআন্দোলনের গৌরবময় ফসল”।
আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন জামায়াত আমির। একই সঙ্গে আহত, পঙ্গুত্ব বরণকারী, শহীদ পরিবার ও নির্যাতিতদের প্রতি সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সবশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের শান্তি-সমৃদ্ধি কামনা করে জাতিকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।