বাংলাদেশ ন্যাপের লোগো। ছবি: উইকিপিডিয়া
জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে চিরকাল প্রেরণা জোগাবে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
একই সঙ্গে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে দলটি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঙ্গলবার বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিক, নারী, যুবক ও শিক্ষার্থীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তাদের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে উল্লেখ করেন তারা।
তবে অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এখনো সম্পন্ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
তারা বলেন, জুলাইয়ের চেতনা বিভেদের নয়, বরং জাতীয় ঐক্যের প্রতীক। তাই ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। পাশাপাশি দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও ধর্ষণের মতো অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রাণিত করবে। তাদের স্মৃতি কেবল একটি নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তা চিরকাল পথপ্রদর্শক হয়ে থাকবে।
জুলাইয়ের চেতনার ভিত্তিতে দুর্নীতি ও দুর্বৃত্তমুক্ত রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে পারলেই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে বলেও জানান তারা।