× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপন কমিটিতে চাঙ্গা হচ্ছে নিষিদ্ধ যু্বলীগের কার্যক্রম

ফরহাদ সুমন, চট্টগ্রাম

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১২:৫৩ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণঅভ্যুত্থানের দুই বছর পর চট্টগ্রাম উত্তর আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম নতুন করে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার মৌখিক নয়, লিখিত আবেদন ও রাজনৈতিক পরিচিতির (সিভি) ভিত্তিতে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। আবেদনকারীদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য পদের জন্য রাজনৈতিক ও সাংগঠনিক পরিচিতিসহ সিভি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যে ফটিকছড়ি উত্তর উপজেলা ও সীতাকুণ্ড উপজেলা শাখার কমিটিতে স্থান পেতে অনেক তৃণমূল নেতা আবেদন করেছেন।

একাধিক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সংগঠনের শীর্ষ পর্যায়ের অনেক নেতা আত্মগোপনে যান কিংবা এলাকা ছাড়েন। তবে সময়ের সঙ্গে সঙ্গে মাঠপর্যায়ে নিষ্ক্রিয়তা তৈরি হওয়ায় সমর্থকদের মধ্যে পুনরায় যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়ছে। বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের পাশাপাশি বিকাশ, নগদ, রকেট ও হুন্ডির মাধ্যমে অর্থ আদান-প্রদানের অভিযোগও রয়েছে। গত রমজান ও কোরবানির ঈদে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের কাছে ‘ঈদ সালামি’ পাঠানোর তথ্যও মিলেছে। যদিও এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে গত ৮ জুলাই চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিম স্বাক্ষরিত চিঠিতে মোরশেদুল আলমকে সভাপতি এবং মোহাম্মদ শাহ জালাল জনিকে সাধারণ সম্পাদক করে ফটিকছড়ি উপজেলা শাখার ৫১ সদস্যের তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়। একইভাবে ২৬ জুলাই মিরসরাই উপজেলা শাখার ৪৯ সদস্যের কমিটিও ঘোষণা করা হয়েছে। তবে ঘোষিত কমিটি নিয়ে তৃণমূলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

তৃণমূল নেতাদের অভিযোগ, যাচাই-বাছাই ছাড়াই আবেদনকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকেই রাজনৈতিক পরিচিতিতে ভুয়া তথ্য, অস্তিত্বহীন পদ-পদবি ও অতিরঞ্জিত সাংগঠনিক ইতিহাস উল্লেখ করেছেন। অভিযোগ রয়েছে, আবেদনকারীদের মধ্যে চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা বিভিন্ন পেশার বিতর্কিত ব্যক্তিরাও রয়েছেন। আবার কেউ কেউ আগে কোনো সাংগঠনিক পদে না থেকেও পদে থাকার তথ্য সিভিতে যুক্ত করেছেন।

তৃণমূলের ভাষ্য, প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করে ভুয়া তথ্যের ভিত্তিতে নেতৃত্ব বাছাই করা হলে সংগঠনের স্বচ্ছতা, শৃঙ্খলা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। তাদের দাবি, প্রত্যেক আবেদনকারীর রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়, দায়িত্ব পালনের ইতিহাস এবং সিভির তথ্য নিরপেক্ষভাবে যাচাই করেই কমিটি চূড়ান্ত করা উচিত। স্বজনপ্রীতি বা অর্থের প্রভাবের পরিবর্তে যোগ্যতা, সততা ও ত্যাগকে নেতৃত্ব নির্বাচনের প্রধান মানদণ্ড করারও আহ্বান জানিয়েছেন তারা।

গোপন কমিটির বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কমিটির বিষয়ে আমরা অবগত আছি। তারা মাঠপর্যায়ে নিষ্ক্রিয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার খবর রয়েছে। আমাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। তার ভাষ্য, ‘তারা মাঠপর্যায়ে তেমন সক্রিয় নয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার তথ্য রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে।’

এদিকে ২৬ জুলাই মিরসরাই উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিম স্বাক্ষরিত ৪৯ জনবিশিষ্ট শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। এরপর মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. মাইনুর ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল ভূইয়া স্বাক্ষরিত আরও একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

অন্যদিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ১ নম্বর সহ-সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও দীর্ঘ সময় কারাভোগের পরও তাকে উপেক্ষা করে অর্থের বিনিময়ে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এরই মধ্যে আমাকে না জানিয়ে কেন্দ্রীয় যুবলীগে নবাগত নিয়াজ মোরশেদ এলিটের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় অর্থের বিনিময়ে ৬নং সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি এবং ৩নং যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে গতিশীল ও ঐক্যবদ্ধ করার পরিবর্তে অর্থের বিনিময়ে তারা জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের অন্য নেতাদের পরামর্শ না শুনে একতরফা সীতাকুণ্ড, ফটিকছড়ি, উত্তর ফটিকছড়ি ও মিরসরাই উপজেলা যুবলীগের কমিটি গঠন করেছে। এর ফলে দুঃসময়ে সংগঠনের তৃণমূলে বিভাজন সৃষ্টি হয়েছে, ক্ষোভ ও অসন্তোষ বেড়েছে এবং সাংগঠনিক কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি আদর্শভিত্তিক সংগঠনের জন্য এমন পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। তার দাবি, জেলা ও অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মতামত উপেক্ষা করে সীতাকুণ্ড, ফটিকছড়ি, উত্তর ফটিকছড়ি ও মিরসরাইয়ে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে। এতে তৃণমূলে বিভাজন, ক্ষোভ ও সাংগঠনিক দুর্বলতা আরও বেড়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা