চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে রবিবার জাতীয় নাগরিক পার্টির তিন পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি দেশের সব এলাকায় অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে রবিবার জাতীয় নাগরিক পার্টির তিন পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আসন্ন নির্বাচনে এনসিপি দেশের সব এলাকায় অংশ নেবে এবং পার্বত্য অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নতুন প্রজন্মের নেতৃত্বের মাধ্যমে পাহাড়ে ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে”।
পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বঞ্চনা ও সংকটের টেকসই সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, “পাহাড়ের রাজনীতি, সমাজ ও অর্থনৈতিক বাস্তবতা অত্যন্ত জটিল। তাই বলপ্রয়োগ বা একমুখী দৃষ্টিভঙ্গির পরিবর্তে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান বের করতে হবে”।
বর্তমান সরকারের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধিত্ব নেই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েও পাহাড়ের প্রতিনিধি না থাকা দুঃখজনক”।
তিনি বলেন, “জবাবদিহিতার অভাবেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাহাড় থেকেও শক্ত অবস্থান ও আওয়াজ আসা উচিত”।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “পাহাড়ের বিভিন্ন নৃগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা ধরনের বঞ্চনার শিকার। একই সঙ্গে সেখানে বসবাসকারী বাঙালিদেরও বিভিন্ন সমস্যা রয়েছে”।
দুই পক্ষের মধ্যকার বিভাজন ও অবিশ্বাসের সুযোগ বিদেশি শক্তি নিতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, “আমরা সবাই বাংলাদেশি। জাতীয় স্বার্থ, সমঅধিকার ও অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে”।
পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, “পাহাড়ে ভিন্ন ধরনের চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ রয়েছে। এসব সমস্যার সমাধান করে পাহাড় থেকে সমতল সবখানেই আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে”।
তিনি বলেন, “সামরিক পদ্ধতিতে দীর্ঘমেয়াদে পাহাড়ের সংকটের সমাধান সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর উদ্যোগে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে”।
সংবিধানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “দেশের বিভাজন দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলা সময়ের দাবি। ধর্ম, জাতিসত্তা বা পরিচয়ের ভিত্তিতে বিভক্ত না হয়ে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে”।
সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।