× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বড় দলীয়করণ ঘটবে: রিজভী

রাবি প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২১:৪৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রদল আয়োজিত ‘জুলাই রক্তাক্ত: স্বরণ ও প্রত্যায়’ শীর্ষক আলোচনা সভায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রদল আয়োজিত ‘জুলাই রক্তাক্ত: স্বরণ ও প্রত্যায়’ শীর্ষক আলোচনা সভায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামী যদি কোনোদিন ক্ষমতায় আসে, এরা যে দলীয়করণ করবে, বাংলাদেশের সকল দলীয়করণের ইতিহাসে এমন দৃষ্টান্ত পাওয়া যাবে না।

রবিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রদল আয়োজিত ‘জুলাই রক্তাক্ত: স্বরণ ও প্রত্যায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

যুক্তরাষ্ট্রের ‘স্পয়েলস সিস্টেম’ এর উদাহরণ টেনে রিজভী বলেন, সরকার পরিবর্তনের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নতুন সরকার নিজেদের লোক নিয়োগ দেয়, যা বিশ্বের বিভিন্ন দেশেও প্রচলিত। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানে হাজার হাজার পদে নতুন নিয়োগ হয়। এটি বেআইনি নয়।

তিনি বলেন, যারা তরুণ রাজনীতি করেন, তাদের চিন্তা-ভাবনা হওয়া উচিত প্রগতিশীল ও অগ্রগামী। দেশকে নতুন কিছু দেওয়ার প্রত্যয় থেকেই তরুণদের রাজনীতি করা উচিত। কিন্তু আপনারা একটি পশ্চাৎমুখী রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছেন। রাজনৈতিক দর্শনের দিক থেকেও এটি সঠিক সিদ্ধান্ত নয়।

রিজভী বলেন, শেখ হাসিনা মনে করেছিলেন গুলি চালিয়ে, রক্তগঙ্গা বইয়ে দিয়ে তিনি ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন। কিন্তু তিনি এ দেশের মানুষের সাহস ও বীরত্বের ইতিহাসকে মূল্যায়ন করতে পারেননি। ক্ষমতা ধরে রাখতে তিনি হেলিকপ্টার থেকেও গুলি চালিয়েছেন। ক্ষমতার জন্য নিজের দেশের মানুষের রক্তের ওপর দিয়েও হাঁটতে তার দ্বিধা ছিল না। জুলাই প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, জুলাই বিপ্লব ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ। গণতন্ত্রের প্রশ্নে তার দৃঢ় অবস্থান থেকে শেখ হাসিনা তাকে বিচ্যুত করতে পারেননি।

সভায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে উদ্দেশ করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, দুঃখজনকভাবে মানসিক ভারসাম্যহীন একব্যক্তিকে রাবি শিক্ষার্থীরা ছাত্র প্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি বেলচা দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছেন, হত্যার হুমকি দিচ্ছেন। এভাবে চলতে থাকলে জনতা একসময় আপনাকে এমনভাবে পিটুনি দিবে যে, পালানোর পথ খুঁজে পাবেন না।

এ সময় রাবি উপাচার্য, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপি ও ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা