× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মের নামে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২১:৪১ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আলোচোনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আলোচোনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধর্ম অত্যন্ত সংবেদনশীল বিষয় উল্লেখ করে ধর্মের নাম ব্যবহারে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধর্মের প্রতি মানুষের দুর্বলতা ও আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করা ঠিক নয়। রাজনীতি হবে মানুষের কল্যাণে, বিভাজন সৃষ্টির জন্য নয়।

রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। তিনি বলেন, ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। ক্ষমতায় আসার পর কারও প্রতি দম্ভ দেখানো, জোর করে কিছু নেওয়া কিংবা সীমালঙ্ঘন করা উচিত নয়। আল্লাহ দাম্ভিকতা পছন্দ করেন না।

তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতা করা এবং বিনয়ী আচরণের মধ্য দিয়েই জনসেবা নিশ্চিত করতে হবে। ঠাকুরগাঁওকে দারিদ্র্যমুক্ত, উন্নত ও কর্মসংস্থানসমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ধর্মভিত্তিক রাজনীতির প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ধর্মের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মের প্রতি মানুষের আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত নয়। তিনি বলেন, আপনারা আপনাদের রাজনীতি করবেন, আমরা আমাদের রাজনীতি করব। রাজনীতির ভিত্তি হবে মানুষের ভালোবাসা ও কল্যাণ।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি সরকার কাজ করছে। শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচার বিভাগ এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যব্যবস্থা আধুনিকায়নে সরকার কাজ করছে। ২৫০ শয্যার জেলা হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে এবং আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। পাশাপাশি কিডনি রোগীদের সুবিধার জন্য একটি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের ভালোবাসা অর্জন করেই জনপ্রতিনিধি হতে হবে। মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শুনতে হবে এবং সেবার মাধ্যমে আস্থা তৈরি করতে হবে।

এর আগে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মির্জা ফখরুল বলেন, একটি দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এর ফলে দেশে নতুন একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হলোÑ একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা।

তিনি বলেন, গণতন্ত্র যদি সঠিকভাবে পরিচালিত হয় এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে, তাহলে রাষ্ট্রের অন্যান্য সমস্যারও সমাধান সম্ভব।

বিএনপি মহাসচিব বলেন, প্রশাসনকে দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা গেলে, রাষ্ট্র আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিগুলো কার্যকর ও সক্রিয় করা গেলে গণতন্ত্র আরও অনেক দূর এগিয়ে যাবে।

এ ছাড়া ঠাকুরগাঁও ডায়াবেটিস সমিতির আয়োজনে ও নেপালের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনআইএস-এর চেয়ারপার্সন অধ্যাপক ডা. চেতরাজ প্রান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ জেলার চিকিৎসক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা