মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২১:২১ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৬ ২১:৪২ পিএম
রাজনীতি করার আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর মানসিক সুস্থতা জরুরি বলে মন্তব্য করেছেন আবু হানিফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজনীতি করার আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মানসিক সুস্থতা জরুরি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র আবু হানিফ।
কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে রবিবার সন্ধ্যায় জেলা জিওপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র-জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে আবু হানিফ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে ঔদ্ধত্যপূর্ণ ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন। তার বক্তব্য শুনে মাঝে মাঝে প্রশ্ন জাগে, তিনি মানসিকভাবে সুস্থ কি না। রাজনীতি করার আগে তার মানসিক সুস্থতা জরুরি।’
তিনি আরও বলেন, ‘কিশোরগঞ্জের রাজনীতি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখতে পাই। কিশোরগঞ্জের রাজনীতি ইতিবাচক। কিন্তু নাসীরুদ্দিন পাটওয়ারী এখানে এসে আমাদের দলের প্রধান নুরুল হক নুরকে নিয়ে কটাক্ষ করেছেন। শুধু নুরুল হক নুরকে নয়, তিনি কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন। আমরা মনে করি, রাজনীতি করার আগে তার মানসিক সুস্থতা জরুরি।’
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে সংগঠিত হয়নি। দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানে তারই প্রতিফলন ঘটেছে। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে।
তিনি আরও বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করেছি। আমরাই এই গণঅভ্যুত্থানের পাটাতন রচনা করেছি। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগের দমন-পীড়নের ফলে ছাত্র-জনতা রাজপথে নামে। এর মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে।’
আবু হানিফ বলেন, ‘গণঅভ্যুত্থানের দুই বছর পরও পতিত আওয়ামী লীগের দোসররা আস্ফালন দেখাচ্ছে, বিদেশ থেকে হুমকি-ধমকি দিচ্ছে। একটি বিষয় স্পষ্ট—৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর রচিত হয়ে গেছে। তাদের আর ফিরে আসার সুযোগ নেই।’
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আবু হানিফ বলেন, ‘আমাদের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সঙ্গী জামায়াত ও তাদের জোট কথায় কথায় সরকার ফেলে দেওয়ার কথা বলছে। একটি সরকার মাত্র ছয় মাস হলো ক্ষমতায় এসেছে। তাদের সময় দিতে হবে। সরকারকে সবাইকে নিয়ে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত ও এনসিপি যে ধরনের উসকানিমূলক ও সংঘাতমূলক বক্তব্য দিচ্ছে, এতে নিষিদ্ধ আওয়ামী লীগ উৎসাহ পাচ্ছে। তাই নিষিদ্ধ দল উৎসাহ পায়—এমন কর্মকাণ্ড পরিহার করার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানাই।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র বলেন, ‘বর্তমানে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে রয়েছে গ্যাস সংকট, লোডশেডিং ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি। এসব কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। সরকারকে এসব বিষয়ে গুরুত্ব দিয়ে নজর দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ এসব ভোগান্তির প্রতিবাদে যেকোনো সময় রাস্তায় নামতে পারে। ফলে বিষয়গুলোকে এখনই গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নিতে হবে।’
জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানসহ অনেকে।