× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৩:৪৯ পিএম

কারওয়ান বাজারে মানববন্ধন করেন এনসিপির নেতাকর্মীরা। ছবি: এনসিপি মিডিয়া সেল

কারওয়ান বাজারে মানববন্ধন করেন এনসিপির নেতাকর্মীরা। ছবি: এনসিপি মিডিয়া সেল

ঢাকায় চলমান গ্যাস সংকট নিরসন এবং প্রস্তাবিত গ্যাসের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।

এ সময় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

ঢাকার কাওরান বাজারে হোটেল সোনারগাঁওয়ের সামনে শনিবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব, মহানগর উত্তরের নেতারা, বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মী এবং গ্যাস সংকটের কারণে ভোগান্তির শিকার হওয়া বিভিন্ন এলাকার বাসিন্দারা।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বাসাবাড়িতে নিয়মিত রান্না করা যাচ্ছে না, সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের স্বল্পতায় পরিবহন খাত ব্যাহত হচ্ছে এবং শিল্পকারখানার উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এমন পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব জনগণের ওপর নতুন আর্থিক চাপ সৃষ্টি করবে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা দেশের সমুদ্রসীমায় বিদ্যমান গ্যাস ব্লকগুলোর সম্ভাবনা কাজে লাগিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের দাবি জানান।

সমাবেশ থেকে সরকার ও জ্বালানি উপদেষ্টার প্রতি দ্রুত গ্যাস সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রস্তাবিত গ্যাসের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিও জানান বক্তারা।

এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জনগণের মৌলিক সেবা নিশ্চিত না করে গ্যাসের দাম বাড়ানো হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

পেট্রোবাংলার পক্ষ থেকে গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব জ্বালানি বিভাগে পাঠানো হয়েছে, তা বাস্তবায়নের চেষ্টা হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, প্রয়োজনে শান্তিপূর্ণভাবে পেট্রোবাংলা ভবন ঘেরাও এবং কর্মকর্তাদের ভবনে প্রবেশ ও বের হওয়া প্রতীকীভাবে অবরুদ্ধ করার কর্মসূচিও দেওয়া হবে।

আরিফুল ইসলাম আদীব দাবি করেন, গ্যাস সংকটের কারণে অসংখ্য পরিবার রান্না করতে পারছে না। এর প্রতিবাদে অনেক নারী খালি হাঁড়ি-পাতিল নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন।

দ্রুত সংকটের সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জ্বালানি উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় সম্প্রতি এনসিপির ওপর বিএনপির হামলার অভিযোগ তুলে তিনি বলেন, পুলিশের উপস্থিতিতেই ছাত্রদলের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে এনসিপির কর্মসূচিতে হামলা চালাচ্ছে।

জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দলটির কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশ শেষে নেতারা জানান, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা