প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৮:১০ পিএম
ছায়া সংসদে অংশগ্রহণকারী বিতার্কিকদের সঙ্গে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণও বিচারকরা। ছবি: ডিবেট ফর ডেমোক্রেসি
জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জুলাই গণহত্যার মধ্য দিয়ে দলটির রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে।
রাজধানীর এফডিসিতে শনিবার ‘জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ভুল ছিল। গণতন্ত্রের পরিবর্তে দলটি ফ্যাসিবাদের পথে এগিয়েছে। মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে ব্যবহার এবং এক ব্যক্তির পূজার মাধ্যমে তারা ক্ষমতায় টিকে ছিল।
তিনি দাবি করেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিকভাবে আড়ালে চলে গেলেও তাদের সহযোগীরা প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে এখনও অবস্থান করছে।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতেই শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার কথা বলা হচ্ছে, যা রাজনৈতিক ভাওতাবাজি ছাড়া কিছু নয়। তার মতে, জুলাই অভ্যুত্থানের আগেই আওয়ামী পরিবারের সদস্যরা দেশ ছেড়ে গিয়ে কাপুরুষতার পরিচয় দিয়েছেন।
ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, মতপার্থক্য থাকলেও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষ ঐক্যবদ্ধ না থাকলে আওয়ামী লীগ ফিরে আসার শঙ্কা থাকবে। গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী ঐক্যই জুলাইয়ের চেতনাকে সুরক্ষিত করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। জুলাই অভ্যুত্থান শুধু আওয়ামী সরকারের পতন নয়, বরং গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক, নৈতিক ও আদর্শগত পরাজয়ও নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কোনোভাবেই এড়াতে পারেন না। জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ড তার সম্মতিতেই সংঘটিত হয়েছে। ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যা ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাইয়ের ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের শঙ্কা রয়েছে। ছোটখাটো ইস্যুতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর বাগবিতণ্ডা অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, দেশি-বিদেশি অপশক্তি রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তাই জুলাইয়ের চেতনা রক্ষায় ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গণ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আরিফুজ্জামান মামুন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল ও সাংবাদিক জাকির হোসেন লিটন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।