প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ২০:২৩ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৬ ২০:৪৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো। ফাইল ছবি
হবিগঞ্জ ও সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিলের ডাক দিয়েছে দলটি।
বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাতে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠে।
এনসিপির দাবি, বৃহস্পতিবার বিকেলে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে ফেরার সময় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ও রড নিক্ষেপ করা হয়। পরে সিলেটের হেতিমগঞ্জ বাইপাস এলাকাতেও গাড়িবহরে ফের হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে দলটি।
এনসিপির নেতাদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠান শেষে দুপুরে হেতিমগঞ্জে খাবারের উদ্দেশ্যে রওনা দিলে উপজেলা গেটসংলগ্ন নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে একটি গাড়ির কাচ ভেঙে যায়।
এরপর নিরাপত্তার কথা বিবেচনায় নেতাকর্মীরা হেতিমগঞ্জে না থেমে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় বাইপাস এলাকায় দ্বিতীয় দফায় তাদের গাড়িবহরে হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করে এনসিপি। ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় পুলিশ, এপিবিএন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান জোরদার করা হয়।
সিলেট সার্কিট হাউসে বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেন।
তিনি অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগান দিয়ে তাদের গাড়িতে হামলা চালিয়েছে। তার দাবি, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
সারজিস আলম বলেন, একটি ইট গাড়ির কাচ ভেঙে ফেলেছে। আরেকটি ইট ভেতরে ঢুকলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। তিনি আরও অভিযোগ করেন, হামলায় দলের এক কর্মী রডের আঘাতে চোখে গুরুতর আঘাত পেয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও তিনি দাবি করেন।
তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, গণতন্ত্রের কথা বলা হলেও মাঠপর্যায়ে বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো।
এর আগে গোলাপগঞ্জে পৌঁছানোর পর থেকেই এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে ‘ভুয়া’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করে দলটি। পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রথম হামলার ঘটনা ঘটে বলে তাদের দাবি।
এ প্রসঙ্গে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পাশ থেকে কেউ ঢিল মারছে। এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙেছে। গাড়ি বহরে হামলা—বিষয়টি এ রকম নয়। কেউ আহত হয়েছে বলে আমার কাছে কোনও তথ্য নেই।”
গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জন্যও ছাত্রদলকে দায়ী করেছিল দলটি। এর প্রতিবাদে পরদিন হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলেও সেখানে যাওয়ার পথে শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় দলটির নেতারা একাধিকবার পুলিশের বাধার মুখে পড়েন বলে অভিযোগ ওঠে।