সিলেটের গোলাপগঞ্জে বৃহস্পতিবার এনসিপির গাড়িবহরে হামলা হয়। ছবি: ভিডিও থেকে
হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছে দলটি।
জেলার গোলাপগঞ্জে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে এনসিপির দাবি।
দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন।
পোস্টে তিনি লেখেন, “সিলেটের গোলাপগঞ্জে আবারও আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করা হয়েছে।”
আরেক পোস্টে সারজিস আলম লিখেছেন, “২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?”
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে লিখেছেন, “সিলেটের গোলাপগঞ্জে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিলেটে ফেরার পথে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসী বাহিনী।”
তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।