ঢাকার নগর ভবনের অডিটোরিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি; প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।
নগর ভবনের অডিটোরিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এর আগে, গত ২৬ জুলাই অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির ১৪তম কর্পোরেশন সভায় ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার এ বাজেট অনুমোদন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে ডিএসসিসির মূল বাজেটের পরিমাণ ছিল ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকা। তবে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৩ হাজার ১৩৮ কোটি ৭৭ লাখ টাকা।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ সর্বমোট প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকা।
এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭৩০ কোটি ৯৩ লাখ টাকা, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ৮১৫ কোটি ৭৪ লাখ টাকা এবং উন্নয়ন খাতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৭ কোটি ৯৩ লাখ টাকা।
অন্যদিকে ব্যয়ের ক্ষেত্রে পরিচালন ও মূলধন ব্যয়, উন্নয়ন ব্যয় এবং সমাপনী স্থিতিসহ মোট বরাদ্দ রাখা হয়েছে ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকা।
এর মধ্যে পরিচালন ও মূলধন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৫৫৯ কোটি ৬৮ লাখ টাকা, উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ৯০৪ কোটি ৪২ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ৫৪০ কোটি ৫০ লাখ টাকা।
বাজেট বক্তৃতায় ডিএসসিসি প্রশাসক বলেন, “আমরা চেষ্টা করেছি উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট প্রণয়ন না করে বাস্তবায়নযোগ্য ও যৌক্তিক একটি বাজেট প্রণয়ন করতে।
“২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সম্মানিত নগরবাসীর ওপর অতিরিক্ত করারোপ বা করহার বৃদ্ধি করা হয়নি। বরং সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি করা হয়েছে।”
একই সঙ্গে ক্ষেত্রবিশেষে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “সিটি কর্পোরেশনের অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধা ও সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।”
নাগরিকদের উদ্দেশে প্রশাসক বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই বাজেট কেবল আয়-ব্যয়ের একটি হিসাব নয়; এটি সম্মানিত করদাতাদের অর্পিত পবিত্র দায়িত্ব ও আস্থার প্রতিফলন।
“এই বাজেটের প্রতিটি টাকা জনগণের কল্যাণে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতার সঙ্গে ব্যয় করার অঙ্গীকার ব্যক্ত করছি।”
বাজেট বাস্তবায়নে বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার বিভাগ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, গণমাধ্যম, সুশীল সমাজ, ব্যবসায়ী সম্প্রদায় এবং সর্বোপরি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিকদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন ডিএসসিসি প্রশাসক।