হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির জেলা শাখার নেতারা।
ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বুধবার বাদ আসর বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিম, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন রাজিব, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) ওমর ফারুক ও মিরাজ হোসেন।
এ ছাড়া অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে জেলা যুবশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব জাহিদুল ইসলাম এবং ছাত্রশক্তির আহ্বায়ক সোহরাব হোসেন শাকিলসহ নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা- হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।