নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২০:৫৩ পিএম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে বুধবার সন্ধ্যায় বক্তব্য দেন সংসদ সদস্য ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপি সরকার শেখ হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল আমিন বিএনপি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা অন্তত হাসিনা নন। হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী। হাসিনা অনেক বড় ফ্যাসিস্ট ও সন্ত্রাসী ছিল। তারা যেহেতু পালাতে বাধ্য হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আজকেও এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে প্রবেশ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার প্রশাসন ন্যক্কারজনকভাবে ১৪৪ ধারা জারি করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, অতীতে যে একদলীয় কাঠামোর সরকার আমরা দেখেছি, তা জনগণ গ্রহণ করেনি। আপনারা যদি আবারও সেই একদলীয় গণতন্ত্রের দিকে যেতে চান, তাহলে জনগণ আপনাদের আগের মতোই প্রতিহত করবে। কেউ যদি মনে করে, চিরস্থায়ী ক্ষমতা পেয়ে গেছে, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছে।’
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, ‘দুই বছর আগে এই জুলাই মাসে যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেড় হাজারের অধিক মানুষ শহিদ হয়েছিলেন, সেই জুলাইয়ে জুলাই পদযাত্রায় এ ধরনের গুন্ডামি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র-জনতা ও দেশের জনগণ মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ দেখতে চাই। আপনারা যদি আবার অস্ত্রের ভাষায় কথা বলতে চান এবং বালুর ট্রাক মার্কা গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, তাহলে সেই গণতন্ত্র কীভাবে প্রতিহত করতে হয়, দেশের জনগণ তা জানে।’
যেকোনো গণতান্ত্রিক আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেন এনসিপি নেতা।
এর আগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ ও বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।