× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসির সঙ্গে বৈঠক, জামায়াতের ৯ দফা দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৬:৫৫ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৭:০৫ পিএম

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির বিভিন্ন নেতাকর্মী। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির বিভিন্ন নেতাকর্মী। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।

বৈঠকে সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার প্রস্তাব পুনর্বিবেচনাসহ ৯ দফা দাবি জানিয়েছে জামায়াত।

একই সঙ্গে কমিশনকে তার সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্ব স্বাধীনভাবে ও দৃঢ়তার সঙ্গে প্রয়োগের আহ্বান জানিয়েছে দলটি।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সকাল ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বৈঠকে অংশ নেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। 

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলের দাবিগুলো তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে মূলত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক নিয়োগ এবং নির্বাচনি পরিবেশসহ চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে”।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সম্প্রতি ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অতীতে বিএনপির নির্বাচনি আসন পুনর্নির্ধারণ কমিটির সদস্য ছিলেন। রাজনৈতিকভাবে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলে নির্বাচন পরিচালনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই এ নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে”।

তিনি আরও দাবি করেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দলের নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করা একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে, যাতে সরকারি দলের প্রার্থীদের সুবিধা দেওয়া যায়।

তবে নির্বাচন কমিশন তাদের জানিয়েছে, সামসুল আলমের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি তারা জানত না এবং সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এর জবাবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, কমিশন চাইলে এ নিয়োগে আপত্তি জানাতে পারত।

মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য, এতে কমিশনের অসহায়ত্ব ও অক্ষমতার বিষয়টি ফুটে উঠেছে।

এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার প্রস্তাবেরও বিরোধিতা করেছে জামায়াত।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের দীর্ঘ ইতিহাসে শিক্ষকেরা প্রার্থী হয়েছেন। জাতীয় নির্বাচনে তাঁদের অংশগ্রহণে কোনো বিধিনিষেধ নেই। এক নির্বাচনে অংশ নিতে পারলেও অন্য নির্বাচনে না পারা বৈষম্যমূলক এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী”।

নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।

বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার দাবি জানানো হয়। একই সঙ্গে সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত প্রশাসকদেরও নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানায় জামায়াত।

দলটির মতে, প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে নির্বাচনে অংশ নিলে অন্য প্রার্থীদের সঙ্গে অসম প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে এবং নির্বাচন নিরপেক্ষ থাকবে না।

জামায়াত আরও দাবি জানায়, স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হয়, তাহলে মন্ত্রী, সংসদ সদস্যসহ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা, সভা বা সমাবেশে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে।

নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “নির্বাচন কখন হবে, সে বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত থাকতে পারে; কিন্তু তফসিল, তারিখ ও সময়সূচি ঘোষণা করা নির্বাচন কমিশনের একান্ত সাংবিধানিক দায়িত্ব”।

বিভিন্ন সময়ে মন্ত্রীদের নির্বাচনের তারিখ ঘোষণা কমিশনের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম-২ আসনের একটি নির্বাচনি বিষয়ে আদালতের রায় ঘোষণার দিনই গেজেট প্রকাশ ও শপথের ব্যবস্থা করার সমালোচনা করে তিনি বলেন, “আদালতের স্বাক্ষরিত আদেশ হাতে পাওয়ার আগেই নির্বাচন কমিশন গেজেট জারি করেছে। এ ঘটনায় রাজনৈতিক চাপ ছিল কি না, সে বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তার দাবি, কমিশন সরাসরি কিছু স্বীকার না করলেও তাদের বক্তব্য ও আচরণে চাপের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, “দলীয় সংবিধান অনুযায়ী তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সংসদ সদস্যপদ বহাল থাকবে কি না, সেটি নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারের সাংবিধানিক এখতিয়ারের বিষয়”।

সম্প্রতি যশোরের একটি ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কোনো ঘটনা অতিরঞ্জিত বা রাজনৈতিক উদ্দেশ্যে উপস্থাপন না করে সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা উচিত”।

বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, “স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে জামায়াতের অবস্থান নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। কমিশন কয়েকটি বিষয় পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে”।

নির্বাচন কমিশন তার সাংবিধানিক ক্ষমতা স্বাধীনভাবে প্রয়োগ করে জনগণের আস্থা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা