নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৫:৩০ পিএম
আহত ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
জেলায় বুধবার এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি চলাকালে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলায় আলিফ আহত হন বলে অভিযোগ করেছে জাতীয় ছাত্রশক্তি।
আহত অবস্থায় তাকে বুধবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বৃহস্পতিবার আলিফকে দ্রুত ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
তার চোখে গুরুতর আঘাতের কারণে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, বুধবার হামলার সময় ছাত্রদলের নেতাকর্মীরা রড দিয়ে আলিফ চৌধুরীর চোখ বরাবর আঘাত করেন।
এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ১৯ বছরের একটি ছেলের চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় বসে আওয়ামী লীগের মতো করে বিরোধী দলের ওপর হামলা করছে।’ হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
এ হামলায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব ও সদর পৌরসভার মেয়রপ্রার্থী মাহবুবুল বারী চৌধুরী মুবিন, অ্যাডভোকেট ফারুক উদ্দিন আহমেদ শফি, আসলাম হোসেন, নবীর হোসেন হৃদয়, নজরুল আমিন, আরিফ আজাদ, আকলিমা আক্তার রুমী, দেওয়ান রোহান, মোশাররফ হোসাইন, ইউসুফ আহমেদ, লুৎফর রহমান, নূর আলম, আরাফাত সানী ও জিসান আহমেদ আহত হন বলে জানিয়েছে এনসিপি। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত অভিযোগ করেন, হবিগঞ্জে বিএনপির সন্ত্রাসীরা এনসিপির নেতৃবৃন্দের ওপর সশস্ত্র হামলা চালিয়ে আবারও প্রমাণ করেছে, তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায় না। তারা ফ্যাসিবাদী আমলের রাজনীতিই করছে।
তিনি আরও বলেন, ক্ষমতা পেয়ে বিএনপি ধরাকে সরা জ্ঞান করছে।