বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৯:২৩ পিএম
রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মঙ্গলবার বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: ফেসবুক লাইভ থেকে নেওয়া
দেশে নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও স্বচ্ছতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়ই এখন প্রধান যোগ্যতা হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি এ অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, চাকরিতে এখন আর ইন্টারভিউ বা মেধার প্রয়োজন নেই; বিএনপির একটি পোর্টফোলিও কিংবা ছাত্রদলের একটি পদ থাকলেই সেটিই যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিএনপি প্রশাসনে ‘শতভাগ দলীয়করণ’ করছে দাবি করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেমন সর্বত্র ছাত্রলীগের লোক বসিয়েছিল, এখন শুধু নাম বদলেছে, চরিত্র বদলায়নি।
সংবিধান সংস্কার পরিষদ গঠনের অঙ্গীকার থেকে বিএনপি সরে এসেছে বলেও অভিযোগ করেন তিনি। স্লোগানে ‘সবার আগে বাংলাদেশ’ বলা হলেও বাস্তবে ‘সবার আগে বিএনপি’ মন্তব্য করে সরকারকে এ পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে সামসুল আলমের নিয়োগের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তিনি একজন ‘চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব’ এবং অবসরের পর বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটিতে যুক্ত ছিলেন।
তিনি আরও দাবি করেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নিয়োগটি বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মোয়াযযম হোসাইন হেলাল, এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া যশোর-৪ আসনের এমপি ও যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক বিবৃতিতে তীব্র নিন্দা জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মদদে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।