× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসিতে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগের দাবি আখতার হোসেনের

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২০:৫০ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ২০:৫২ পিএম

ঝিনাইদহে রবিবার ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আখতার হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে রবিবার ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আখতার হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্বাচন কমিশন (ইসি) কোনো দলীয় প্রতিনিধিত্বের জায়গা নয় উল্লেখ করে সেখানে সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন।

এনসিপির ঝিনাইদহ জেলার শাখার উদ্যোগে রবিবার ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার এক গভীর কূটকৌশলের অংশ হিসেবে সেখানে দলীয় ব্যক্তিকে বসানো হয়েছে অভিযোগ করে আখতার হোসেন বলেন, ‘আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম। যে বাংলাদেশে সরকারি চাকরি হবে দলমতের বাইরে গিয়ে যোগ্যতার ভিত্তিতে। এমন একটা বাংলাদেশ, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণমুক্ত করা হবে। এমন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার সময় সরকারি দল, বিরোধী দল, সকলের অংশগ্রহণ থাকবে। একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তার সমস্ত আলোচনা অন্তর্বর্তী কমিশনে আমরা করেছিলাম।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, পিএসসি থেকে শুরু করে যতগুলো সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য যে নতুন বডির কথা বলা হয়েছে, বিএনপি সরকার তার পক্ষে থাকা গণভোটের গণনায় সেটা বাস্তবায়ন করতে চায় না। তারই লক্ষণ দেখা দিয়েছে সম্প্রতি।’

এনসিপি নেতা বলেন, ‘তিন দিন হলো বাংলাদেশের ১২টি সংস্থা ও প্রতিষ্ঠানে সরাসরি দলীয় পদধারী ব্যক্তিদের তারা (বিএনপি) নিয়োগ দিয়েছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনসহ দেশের বৃহৎ প্রতিষ্ঠানগুলোতে তারা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। যাদেরকে নিয়োগ দিয়েছে, তারা সকলে বিএনপির দলীয় পদধারী নেতাকর্মী।’

আখতার হোসেন বলেন, ‘আমরা বলতে চাই, বাংলাদেশের যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থা আছে, এই সংস্থাগুলোতে যদি নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ না দিয়ে দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশে আর কোনোভাবে সুষ্ঠু নিয়ম নীতি, গণতন্ত্র অবশিষ্ট থাকে না।’

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে এনসিপির সদস্য সচিব বলেন, ‘সম্প্রতি একজন অবসরপ্রাপ্ত কিন্তু দলীয় পদধারী, দলের জন্য কাজ করছেন, বিএনপির নাম লেখিয়েছেন, এমন একজন ব্যক্তিকে অতিরিক্ত সচিব হিসেবে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন কোনো দলীয় প্রতিনিধিত্বের জায়গা নয়। নির্বাচন কমিশনে নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে, যাতে একটা নিরপেক্ষ নির্বাচন হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনো এক কুমতলবে, কোনো এক কুটকৌশলের আশ্রয় হিসেবে তারা সামনে যাতে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতে পারে, এই কারণে দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে তারা বসিয়েছে।’

আখতার হোসেন বলেন, ‘বিএনপিকে মনে রাখতে হবে, এই বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, মুসলিমসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের বাংলাদেশ। দেশের জনগণ কোনো ধরণের বৈষম্য মেনে নেবে না। দেশের মানুষ ফ্যাসিবাদী শেখ হাসিনাকে তাড়িয়েছে, কাজেই এমন কিছু আপনারা করবেন না।’

আখতার হোসেন আরও বলেন, ‘আমরা বাংলাদেশের এই অধপতন দেখতে চাই না। আমরা বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়তে চাই। এমন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই, যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, সুবিচার থাকবে। যেই বাংলাদেশে নাগরিক অধিকার থাকবে।’

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

এ সময় ঝিনাইদহের জুলাই শহিদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের বাবা আবু বকর সিদ্দিক, মা হাফিজা খাতুন ও শহিদ সাব্বির হোসেনের বাবা আমোদ আলীসহ এনসিপির জেলা ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ২টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই পদযাত্রা ও শহিদদের স্মরণে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। পরে শহিদ মিনারের সামনে থেকে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা