× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামলার আশঙ্কা, প্রশাসনিক নিরাপত্তা চায় এনসিপি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৬:০০ পিএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত পথসভাগুলোতে হামলার আশঙ্কায় প্রশাসনিক নিরাপত্তা চেয়েছে এনসিপি।

কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে রবিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান দলের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকাল ৩টায় তাড়াইল, বিকেল ৫টায় করিমগঞ্জ এবং সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের কর্মীরা উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তার অনেক কিছুই এখনও বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের চাকরিতে বৈষম্য দূর করা এবং সুযোগের সমতা নিশ্চিতের দাবি পূরণ হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং বর্তমান বিএনপি সরকারও জুলাইয়ের চেতনা ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রে অবহেলা করছে। গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিলেও জাতীয় সংসদে সেই সনদকে অবজ্ঞা ও কটূক্তি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আহনাফ সাঈদ খান বলেন, জুলাইয়ের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি এবং জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই তাদের ‘জুলাই গণজাগরণ’ কর্মসূচি। তার দাবি, রাজনৈতিক মহল ও আমলাতন্ত্রের একটি অংশ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। 

তিনি আরও বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রেরণায় নেপাল ও ভারতের বিভিন্ন স্থানেও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

সম্ভাব্য হামলার আশঙ্কার বিষয়ে আহনাফ সাঈদ বলেন, তাদের আশঙ্কা, পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচিতে হামলার চেষ্টা হতে পারে। অনলাইন ও অফলাইনে বিভিন্নভাবে উসকানি দেওয়া হচ্ছে এবং বিদেশ থেকেও এ ধরনের উসকানি আসছে বলে তারা তথ্য পেয়েছেন বলে দাবি করেন। ছাত্রলীগের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতাও এ উসকানির সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি প্রশাসনকে আগেও জানানো হয়েছে এবং আবারও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তথ্যের সত্যতা যাচাই করা প্রশাসন ও গোয়েন্দা সংস্থার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এনসিপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা দমন-পীড়নের চেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়া হবে।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আরিফুর রহমান বাবু বলেন, "আগামীকালের ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং নেতাকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কিশোরগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চাইছি।

এনসিপির এ নেতা বলেন, আমাদের কাছে এমন কিছু তথ্য এসেছে যে, ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা কিশোরগঞ্জে আসার পথে তাদের ওপর হামলার চেষ্টা হতে পারে। গত রাতে আমরা এ ধরনের তথ্য পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমরা সংবাদ সম্মেলনের পর জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করব এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।

তিনি আরও বলেন, আমরা আশা করি, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করবে। এছাড়া কিশোরগঞ্জের তিনটি উপজেলায় আয়োজিত এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সঙ্গে মতবিনিময় এবং দলীয় কার্যক্রম তুলে ধরা।"

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা