× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাফরুলে যুবদল কর্মী খুন: নিশানায় ছিলেন যুবদল নেতা বাবু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২২:৩৭ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ২২:৪৪ পিএম

নিহত ইউসুফ আলী। ছবি: ফেসবুক থেকে

নিহত ইউসুফ আলী। ছবি: ফেসবুক থেকে

রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজ হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘাতকদের মূল লক্ষ্য ইউসুফ ছিলেন না, তাদের নিশানায় ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম (বাবু)।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে তাকে হত্যার ছক কষা হয়েছিল বলে ধারণা যুবদলের নেতাকর্মীরা। আর এই নেতাকে রক্ষা করতে গিয়েই বুকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ইউসুফ।

হত্যাকাণ্ডের পরদিন শনিবার নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় চঞ্চল মোল্লা, জিহাদ মোল্লা, জিয়ারুল মোল্লা, হাসান ছাড়াও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ আটক চঞ্চল মোল্লাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী ভূঁইয়া অস্ত্র মামলায় চঞ্চলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে দুর্বৃত্তরা। প্রথমে চঞ্চল মোল্লা ইউসুফকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার ডান দিকের বুক ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে যায়। ইউসুফ মাটিতে লুটিয়ে পড়লে জিহাদ, জিয়ারুল ও হাসান তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় পাশে থাকা সবজি বিক্রেতা নালাম সরদার ও মনির হোসেনও গুলিবিদ্ধ হন। মাথায় ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গুলি চালানোর পর পালানোর চেষ্টাকালে স্থানীয়রা ধাওয়া দিয়ে চঞ্চল মোল্লাকে ধরে ফেলেন। পরে অবৈধ অস্ত্রসহ তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক চঞ্চলের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের ভাই।

কাফরুল থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল কর্মী মামুন প্রতিদিনের বাংলাদেশকে জানান, ঘটনার সময় মিরপুর-১৩ নম্বরে বন্ধ হয়ে যাওয়া ওপেক্স গার্মেন্টসের পাশে তারা বসে ছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী সরাসরি হাফিজুলের (বাবু) দিকে তেড়ে যায়।

মামুন এই প্রতিবেদককে বলেন, “ওরা মূলত বাবু ভাইকে হত্যা করতে এসেছিল। আমরা বাধা দিই এবং হাতাহাতি শুরু হয়। ইউসুফ সামনে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে ধরা পড়ার ভয়ে তারা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। তখনই ইউসুফের বুকে গুলি লাগে”।

হত্যার পেছনে ঝুট ব্যবসার বিরোধ থাকার গুঞ্জন নাকচ করে মামুন বলেন, “ওপেক্স গার্মেন্টস অনেক দিন ধরেই বন্ধ। তাই এখানে ঝুট ব্যবসার প্রশ্নই আসে না। বাবু ভাই দীর্ঘদিন ধরে কাউন্সিলর নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে আগেভাগেই সরিয়ে দেওয়ার জন্যই এই হামলা বলে আমরা মনে করছি”।

এদিকে তদন্তসংশ্লিষ্ট একটি গোয়েন্দা সূত্র বলছে, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা পেশাদার ও ভাড়াটে শুটার হতে পারে। প্রাথমিক তথ্যে জানা গেছে, অর্থের বিনিময়ে ঝিনাইদহ থেকে তাদের ঢাকায় আনা হয়েছিল। তবে বিষয়টি এখনও যাচাই-বাছাই চলছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, ঘটনার আগে ৪-৫ জন সন্দেহভাজন যুবক দীর্ঘক্ষণ ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তাদের পরিচয় জানতে চাওয়া থেকেই মূলত বাগ্‌বিতণ্ডা ও পরে গোলাগুলির সূত্রপাত।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

তবে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, “ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। সার্বিক বিষয়ে নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা